আর পাঁচ মাস পর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাবেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) কোম্পানি সচিব আ ন ম নাজমুল হক। এ বিষয়ে গত ১৯ জুন তাঁকে অবসরসংক্রান্ত মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে এই কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার তাঁর অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে।
পিজিসিএল সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ‘ইফেক্টিভ লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিলস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নাজমুল হককে পাঠানো হচ্ছে। আজ তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। আর ১ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তাঁর বিদেশ সফরের অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শহিদুল ইসলাম। এ সফরে আরও আটজন কর্মকর্তা যাচ্ছেন। এর মধ্যে পিজিসিএল তিনজন কর্মকর্তার ব্যয় বহন করবে। নাজমুল হক ছাড়া অন্য দুজন কর্মকর্তা হলেন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম নূরুল আওরঙ্গজেব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম কখনো পিজিসিএলের মাঠপর্যায়ে কাজ করেননি। তাঁর ব্যয়ভারও প্রতিষ্ঠানটি বহন করছে।
এদিকে পিজিসিএল থেকে নাজমুল হককে দেওয়া পিআরএলের প্রস্তুতিমূলক চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ ডিসেম্বর তাঁর বয়স ৫৯ বছর পূর্ণ হবে। বিধি অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) শুরু হবে। এই ছুটি শুরু হওয়ার দুই মাস আগে পিআরএল মঞ্জুরির বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। এই উদ্দেশ্যে অবসর-উত্তর ছুটি ভোগ করতে ইচ্ছুক হলে এই ছুটি শুরু হওয়ার কমপক্ষে তিন মাস আগে তাঁকে আবেদন দাখিল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পিজিসিএলের মহাব্যবস্থাপক (অর্থ) ফজলুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানোর আদেশ সরাসরি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পিজিসিএল বা পেট্রোবাংলার কোনো মতামতের প্রয়োজন পড়েনি। পাঁচ মাস পর যে কর্মকর্তাকে অবসর-উত্তর ছুটিতে পাঠানো হবে, তাঁকে বিদেশে প্রশিক্ষণে পাঠিয়ে কোম্পানির কী লাভ—জানতে চাইলে তিনি বলেন, এ প্রশ্নের কোনো জবাব তিনি দিতে পারবেন না। এটা মন্ত্রণালয়ের ব্যাপার।
চাকরির মেয়াদের শেষের দিকে কাউকে কোম্পানির খরচে বিদেশ পাঠানোর ব্যাপারে কোনো নীতিমালা আছে কি না, জানতে চাইলে প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক শাহীনূর আলম বলেন, কর্মকর্তারা মন্ত্রণালয়ের আদেশে বিদেশ সফর করেন। এ ক্ষেত্রে কোনো নীতিমালার ব্যাপার থাকে না।
এ বিষয়ে কোম্পানি সচিব নাজমুল হক গতকাল বুধবার বলেন, এতে কোনো সমস্যা হয় না। সচিবালয়ের অনেকেই তো চাকরির বয়স শেষ হওয়ার এক সপ্তাহ আগেও বিদেশে যান। যাওয়ার তারিখ ২০ জুলাই ঠিক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনো তিনি টিকিট হাতে পাননি। টিকিট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম নূরুল আওরঙ্গজেব মুঠোফোনে বলেন, ‘এসব কথা আপনারা কোথা থেকে শোনেন? আপনারা সহযোগিতা না করলে সরকারি এই প্রতিষ্ঠান আমরা কীভাবে চালাব।’ এ ব্যাপারে কথা বলার জন্য তিনি এই প্রতিবেদককে পিজিসিএলের প্রধান কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন।