অবসরের টাকা প্রদান ভোগান্তিমুক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষক-কর্মচারীদের অবসরের টাকা প্রদানের কাজ সম্পূর্ণভাবে ভোগান্তিমুক্ত করতে হবে। গতকাল রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড আয়োজিত হজ গমনেচ্ছু অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে অবসর ভাতার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব আসাদুল হক, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, গত চার বছরে দেশের শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিদেশেও ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যে শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা প্রদানে ভোগান্তি কমার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের চার বছরেই ৪০ হাজার ৪৯৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে অবসর ভাতা বাবদ এক হাজার ৮৯৮ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়। অথচ বর্তমান সরকারের আগের ছয় বছর অবসর সুবিধা বোর্ড ২২ হাজার ৫৯৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫৭২ কোটি ৯০ লাখ টাকা দেয়।
এ অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী বেইলি রোডে গাইড হাউসে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।