প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধানপরিপন্থী।
বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলাদেশের সংবিধান, আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করেন। কোনো বিচারপতি অবসর গ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তাঁর গৃহীত শপথও বহাল থাকে না।
প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের নথি সরকারি দলিল। একজন বিচারপতি অবসর গ্রহণের পর আদালতের নথি নিজের কাছে সংরক্ষণ, পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে দস্তখত করার অধিকার হারান। আশা করি বিচারকগণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে এমন বেআইনি কাজ থেকে বিরত থাকবেন।’
গত বছরের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে তাঁকে আইনমন্ত্রী, আইনজীবী ও বিচার অঙ্গন-সংশ্লিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করে বাণীতে প্রধান বিচারপতি বলেন, ‘দেশের প্রধান দৈনিক পত্রিকাসমূহে এই উপলক্ষে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উৎসাহব্যঞ্জক সংবাদ প্রকাশ এবং নিকট ভবিষ্যতে বিচার বিভাগের সার্বিক কল্যাণে গৃহীতব্য বিষয়সমূহে আলোকপাত করা হয়েছে। প্রত্যেককে এ জন্য কৃতজ্ঞতা জানানো আমার দায়। তবে ব্যক্তিগতভাবে প্রত্যেকের নিকট কৃতজ্ঞতা জানানো সম্ভব নয়। এ ছাড়া, বিচারক হিসেবে কথা বলার পরিসরও সীমিত বিধায় এ বাণীর মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর এ প্রয়াস।’ তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। বিচার বিভাগ আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে। গণমাধ্যম সে বার্তা বৃহত্তর জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে নিয়ে যেতে সাহায্য করে। এ দেশের গণমাধ্যম সে দায়বদ্ধতা থেকে পূর্বাপর বিচার বিভাগ ও বিচারপ্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং লক্ষ্য ও উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে সংবাদ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে সচেতন করার গুরুদায়িত্ব পালন করে আসছে।
প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, গত বছরের ১৭ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর ২০১৫ পর্যন্ত আপিল বিভাগে মামলা নিষ্পত্তির সংখ্যা ৯ হাজার ৩৫৬টি। এ সময় বিগত বছরের মামলা নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ৭৮৯টি। এ ক্ষেত্রে তুলনামূলক মামলা নিষ্পত্তির হার ১৬২ শতাংশ। আর, হাইকোর্ট বিভাগে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত মামলা নিষ্পত্তির সংখ্যা ৩৩ হাজার ৩৮০টি। অথচ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়েছে ২২ হাজার ৪৭৭টি। এ ক্ষেত্রে তুলনামূলক মামলা নিষ্পত্তির হার ১৪৯ শতাংশ। তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে মোট মামলা নিষ্পত্তি হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৭৩৩টি। ২০১৪ সালে একই সময়ে নিষ্পত্তির সংখ্যা ৯ লাখ ৯৭ হাজার ৬৫২টি। এ ক্ষেত্রে তুলনামূলক মামলা নিষ্পত্তির হার ১০৭ শতাংশ।
প্রধান বিচারপতি বাণীতে বলেন, বিচার বিভাগের বর্তমান সন্ধিক্ষণে বেঞ্চ ও বারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক বজায় থাকা অত্যাবশ্যক। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের ওপর আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত হয়েছে। এ ক্ষেত্রে বারের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ।