
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নানা দিক বিবেচনায় গতবারের চেয়ে ভালো অবস্থানে থাকার কথা বলছে বিএনপি। নেতা-কর্মীরা মনে করছেন, তাঁদের প্রার্থী যোগ্য। এ ছাড়া খালেদা জিয়ার কারাদণ্ড, নেতা-কর্মীদের ওপর জেল-জুলুম, নিত্যপণ্যের উচ্চমূল্যসহ নানা কারণে দলের নেতা-কর্মী ছাড়াও ভোটাররা সরকারের ওপর বিরক্ত। এসবের প্রভাব পড়বে ভোটের বাক্সে।
তবে এই মুহূর্তে দলটির নেতা-কর্মীদের আতঙ্ক অচেনা ‘শত্রুদের’ হুঁশিয়ারি। তাঁদের চিন্তা শেষ পর্যন্ত নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে।
স্থানীয় বিএনপির নেতারা বলছেন, স্থানীয় সরকারের নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের আগে এই ভোটে প্রার্থীর চেয়ে প্রতীক গুরুত্ব পাবে। প্রার্থী বিবেচনায়ও ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে বিএনপি এগিয়ে আছে বলে মনে করছেন তাঁরা। হাসান উদ্দিন সরকার টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, দুবার সাংসদ ছিলেন। টঙ্গী সরকারি কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজসহ গাজীপুরের নামকরা শিক্ষা-প্রতিষ্ঠানগুলো তাঁর হাতে গড়া। নির্বাচনে এ বিষয়গুলো ভোটারদের বিবেচনায় আসবে। তা ছাড়া, তিনি টঙ্গীর বাসিন্দা। সিটি করপোরেশনকে গাজীপুর ও টঙ্গী অঞ্চলে ভাগ করলে টঙ্গীতে ভোট বেশি। এই এলাকার বাসিন্দা হিসেবে তিনি সুবিধাজনক অবস্থানে আছেন। এ ছাড়া হাসান সরকার একসময় জাতীয় পার্টির (জাপা) বড় নেতা ছিলেন। এটাও তাঁর জন্য সহায়ক বলে ধরছে বিএনপি।
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) গাজীপুর সিটিতে মেয়র পদে প্রার্থী দেয়নি। তারা আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন দিয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানের মৃত্যুর পর গাজীপুরে জাপার বড় নেতা নেই। সাবেক স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন আহমেদ জাপায় যোগ দিয়েছিলেন মেয়র পদে প্রার্থী হওয়ার আশায়। সেভাবে প্রস্তুতিও নেন। কিন্তু দল প্রার্থী না করায় তিনি মনঃক্ষুণ্ন। পুরোনো সখ্যের কারণে স্থানীয় নেতাদের অনেকে ভেতরে-ভেতরে হাসান সরকারের প্রতি দুর্বল।
টঙ্গীতে এরশাদের নামে একটি এলাকা আছে। এটি নগরীর ৪৯ নম্বর ওয়ার্ড। সেখানকার সদ্য সাবেক কাউন্সিলর মো. বাদল জাতীয় পার্টির নেতা। গত সোমবার দুপুরে এরশাদনগরের ‘এ’ ব্লকে দাঁড়িয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা মো. ইসলাম বাবুর্চির সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবার জাতীয় পার্টিকে পছন্দ করে। তবে এবার ঠিকমতো ভোট হলে বিএনপি জিততে পারে। কারণ, ৩ নম্বর ব্লকে বিএনপির ভোট বেশি।’
সোমবার টঙ্গী ও গাজীপুর সদরের পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকাশ্যে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে আওয়াজ বেশি। তবে গভীরভাবে মিশলে ভিন্ন ধারণা পাওয়া যায়। ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় রুবেল মিয়ার সঙ্গে কথা হয় পুবাইলের হায়দরাবাদ এলাকার আক্কাছ মার্কেটের একটি চা-দোকানে বসে।
রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, ‘এখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, তাই জাহাঙ্গীর আলমের আওয়াজ বেশি। কার মনে কী, তা বোঝা যায় না। তয় গতবার এখানে মান্নান স্যার (সাবেক মেয়র এম এ মান্নান) বেশি ভোট পাইছিলেন।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, টঙ্গী এলাকার চেয়ে গাজীপুরের দিকে জাহাঙ্গীর আলম ভালো করতে পারেন। এর মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুরসহ আশপাশের সাবেক বাসন ইউনিয়ন এবং নিজ এলাকা কানাইয়া উল্লেখযোগ্য। গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটের দোকানদার শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীর বাড়ির বগলের লোক। সবাই কয় এই ভোটে সরকার পরিবর্তন হইতো না, তাইলে জাহাঙ্গীরই হোক। কাজ হইব। তয় মানুষের তো ঠিক নাই, মুখে এক পাই, কাজে আরেক পাই।’
অচেনা শত্রুদের ‘সতর্ক বার্তা’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘শত্রু’ লেগে আছে! শত্রুরা মাঠের সক্রিয় নেতা-কর্মীদের কখনো ফোনে, কখনো সামনাসামনি ‘সাবধান’ করছেন। তবে তাঁরা অচেনা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই অচেনা শত্রুদের ‘সতর্ক বার্তা’ বিএনপির মেয়র পদপ্রার্থীর নেতা-কর্মীদের অস্বস্তিতে ফেলেছে।
গত রোববার রাত অনুমান সাড়ে আটটায় এমন একটি ‘সতর্ক বার্তা’ পান সৈয়দ শামসুজ্জামান। শহরের চা-বাগান এলাকায় তাঁর বাসা। বাসার কাছেরই এক ব্যক্তি হঠাৎ তাঁর সামনে এসে জানতে চান, পকেটে কী। তিনি পকেট থেকে ধানের শীষের স্টিকার বের করে দেখালে ওই ব্যক্তি বলেন, ‘রাত আটটায় তো প্রচার শেষ, এখনো স্টিকার নিয়ে ঘুরছেন কেন?’ জবাবে শামসুজ্জামান জানান, প্রচার শেষে তিনি বাসায় ফিরছেন। এরই মধ্যে আরও দুই ব্যক্তি পাশে এসে দাঁড়ান।
এ পর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনার পেছনে কিন্তু শত্রু লেগে আছে। সাবধানে চইলেন।’
সৈয়দ শামসুজ্জামান গাজীপুর জেলা বিএনপির সদস্য এবং শহরের ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মেয়র পদপ্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের চেনেন না।
গত সোমবার গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে বিএনপির নেতা-কর্মীদের পাওয়া এমন আরও কয়েকটি ‘সতর্ক বার্তার’ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়ীর এন এইচ আরিফ ও টঙ্গীর এরশাদনগরের মো. রেজাউল করিম মুঠোফোনে হুমকি পেয়েছেন। আরিফ বিএনপির মেয়র প্রার্থীর ঘনিষ্ঠজন, আর রেজাউল বিএনপির কর্মী। রেজাউলকে গত ২৪ এপ্রিল পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি গালমন্দ করে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইতে নিষেধ করেন। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। গতকাল বুধবার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, তিনি টঙ্গী থানায় ডায়েরি করতে গিয়েছিলেন। পুলিশ নেয়নি।
কোনাবাড়ী এলাকার বাসিন্দা অধ্যাপক এম এন এইচ আরিফের ফোনটি একটু ভিন্ন। তিন দিন আগে হঠাৎ তাঁর মুঠোফোনে অপরিচিত এক ব্যক্তি জানতে চান, তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন। তিনি কথা না বাড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জানতে চাইলে এম এন এইচ আরিফ প্রথম আলোকে বলেন, ‘আমি হাসান ভাইয়ের কাছের মানুষ। আমাকে দুর্বল করার উদ্দেশ্যে এটা করা হতে পারে।’
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, নির্বাচন সামনে রেখে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফোন নেতা-কর্মীদের মধ্যে অস্বস্তি ও আতঙ্কের সৃষ্টি করেছে। এই প্রক্রিয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের মেয়র পদপ্রার্থীর অনুসারী এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের অভিযোগ নেই। বরং বিএনপির ৩০ টিরও বেশি টিম মাঠে কাজ করছে। এমন পরিস্থিতি থাকলে তারা তো কাজ করতে পারত না।’
এদিকে গতকালও মেয়র প্রার্থী হাসান সরকার কাশিমপুরে নির্বাচনী জনসংযোগ চালাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বলে জানান তাঁর একান্ত সহকারী এম এ ফয়সাল। এর আগে গত রোববার ২৮ নম্বর ওয়ার্ডে হাড়িনাল এলাকায় হাসান সরকারের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য হাসিবুর রহমানকে পুলিশ আটক করে। এ সময় হাসিবকে না ছাড়লে হাসান সরকার সেখান থেকে যাবেন না বলে অবস্থান নেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
বিএনপির নেতারা বলছেন, গাজীপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তাঁরা খুব চিন্তিত। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদকে প্রত্যাহার করতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে হারুন অর রশীদ মন্তব্য করতে রাজি হননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি নির্বাচন কমিশন দেখবে। আমার বক্তব্য হচ্ছে, গাজীপুরে আগের নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটাও সুষ্ঠু হবে।’
জানতে চাইলে বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার গত রাতে প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তা একটা ভালো নির্বাচন করতে চান। কিন্তু আদৌ কি তা সম্ভব হবে? কারণ, কর্তার ইচ্ছায় কীর্তন। আমি বলব, সামনে সংসদ নির্বাচন। এই সময়ে সরকার নির্বাচনে ন্যক্কারজনক ভূমিকা পালন করলে তাদের খেসারত দিতে হবে।’