অবস্থান কর্মসূচি চলছে আজ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে ২৭ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। গতকাল শনিবার সকালে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটি আজ রোববার একই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকেরা বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন। যা অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক ও অমানবিক। তাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানান।
অনশন কর্মসূচিতে আসা রাজশাহীর চারঘাটের হাবীবপুর আলীম মাদ্রাসার গণিতের প্রভাষক এম এ এইচ এম কামাল প্রথম আলোকে বলেন, ‘২৭ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাস্তার ওপর খেয়ে না-খেয়ে খাকছি, তারপরও সরকারের সদয় দৃষ্টি আমাদের ওপর পড়ল না।’
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী বলেন, এমপিওভুক্তির দাবি না আদায় হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।