উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রোববারও বেলা ১১টা থেকে একটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, সরকারের প্রতি সম্মান দেখিয়ে গণপদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শিক্ষকেরা। বুয়েটের ঐতিহ্য রক্ষার্থে সরকারও শিগগিরই দাবি মেনে নেবে বলে আশা করেন তিনি। সকালে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনস্থলে জড়ো হন সবাই। সেখানে বর্তমান প্রশাসনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন শিক্ষকেরা। তবে আন্দোলনকারী শিক্ষকদের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে কম। আজ সোমবারও তাঁরা একই কর্মসূচি পালন করবেন। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৬ জুলাই বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সভা ডাকে। ওই দিনই বিকেলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকেরা সাধারণ সভা করে গণপদত্যাগের হুমকি দেন। কিন্তু শুক্রবার বুয়েটের তিনজন সাবেক উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহ-সভাপতি গণপদত্যাগের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। এরপর শনিবার জরুরি সাধারণ সভা করে তাঁরা গণপদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন।