কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রয়াত এক রাজাকারের পক্ষে নিজের দেওয়া প্রত্যয়নপত্র বাতিলের আবেদন করেছেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোকাদ্দেস হোসেন। গতকাল রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে এ আবেদন জানান।
কুমারখালীর প্রয়াত মনতাজ আলী রাজাকার ছিলেন না বলে কুমারখালী মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোকাদ্দেস প্রত্যয়নপত্র দিয়েছেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘রাজাকারের পক্ষে প্রত্যয়নপত্র?’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
মোকাদ্দেস হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রত্যয়নপত্রে দেওয়া তথ্য-উপাত্ত সঠিক ছিল না। মনতাজ আলী ১৯৭১ সালে ‘শান্তি কমিটি’র সদস্য ছিলেন। এ তথ্য জানার পর তিনি প্রত্যয়নপত্র বাতিলে ইউএনওর কাছে আবেদন করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) আলমগীর আজম বাবু বলেন, রোববার বিকেল এ নিয়ে সংসদের কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে কমিটির সদস্যরা কার্যালয়ে তালা দেওয়ার চেষ্টা করেন। পরে এক জরুরি বৈঠকে ভারপ্রাপ্ত কমান্ডার মোকাদ্দেস রাজাকার মনতাজের পক্ষে দেওয়া প্রত্যয়নপত্রটি বাতিল করতে রাজি হন। গত রোববার সন্ধ্যায় তিনি ইউএনও বরাবর চিঠি দেন।
কুমারখালী ইউএনও সাহেলা আক্তার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি প্রত্যয়নপত্র বাতিলের আবেদনটি পেয়েছেন। সেটি জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।