বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগে বিতর্কিত ব্যক্তি গোলাম মোস্তফাকে টানার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সাংসদ কছিম উদ্দিন আহম্মেদ। গতকাল মঙ্গলবার দুপুরে সান্তাহার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে কছিম উদ্দিন বলেন, বর্তমানে তিনি বয়সের ভারে ভারাক্রান্ত। চোখে কম দেখেন ও কানে কম শোনেন। ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস অনুষ্ঠানের আলোচনা সভার মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান তাঁকে বলেন, বিএনপি থেকে বেশ কিছু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করতে এসেছেন। এরপর তাঁর (কছিম উদ্দিন) হাতে ফুলের তোড়া দিয়ে গোলাম মোস্তফাকে যোগদান করানো হয়।
কছিম উদ্দিন বলেন, ‘যোগদানকারীদের মধ্যে একজন তালিকাভুক্ত রাজাকার ছিল, সেটি আমাকে যেমন আগে জানানো হয়নি, তেমনি আমিও তাৎক্ষণিকভাবে চিনতে পারিনি। পরে জানতে পারি, যোগদানকারীদের মধ্যে তালিকাভুক্ত রাজাকার গোলাম মোস্তফাও ছিলেন। এতে আমি ভীষণভাবে লজ্জিত হই। কারণ, আমার মতো মুক্তিযুদ্ধের একজন সংগঠকের হাতে একজন কুখ্যাত রাজাকার আওয়ামী লীগে যোগদান করল!’ তিনি এই ঘটনার পেছনের নায়কদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন। সেই সঙ্গে অবিলম্বে গোলাম মোস্তফাকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়ার দাবি জানান। তিনি এ ঘটনার জন্য দলের সাধারণ সম্পাদককে দায়ী করেন। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম ও সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম উপস্থিত ছিলেন।