অবস্থান ব্যাখ্যা করে এরশাদকে চিঠি সেলিম ওসমানের
জাতীয় পার্টির (জাপা) সাংসদ এ কে এম সেলিম ওসমান তাঁর দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে চিঠি দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। গত রোববার তিনি এই চিঠি দেন। দলের মহাসচিবকেও চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে। তবে চিঠিতে কী ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা জানা যায়নি।
জাপা নেতারা জানান, দলের সভাপতিমণ্ডলীর সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্য দলটির সূত্র জানায়, জাপা এখনো সেলিম ওসমানের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে নয়।
জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ওই দিনের সার্বিক পরিস্থিতি ও নিজের অবস্থান ব্যাখ্যা করে সেলিম ওসমান চিঠি দিয়েছেন। বিষয়টি খুবই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ।
কাউন্সিলে কমিটি বিলুপ্ত করায় এখন জাপার সভাপতিমণ্ডলী নেই। তাহলে কোন বৈঠকে বসবে বা কমিটি গঠন পর্যন্ত অপেক্ষা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে জাপার মহাসচিব সরাসরি উত্তর না দিয়ে বলেন, দেরি করা হবে না। শিগগির এ বিষয়ে দলের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে জানানো হবে। তবে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, নতুন কমিটি এখনো না হওয়ায় দলীয় ফোরামে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ নেই।
জাপার অন্য একটি সূত্র জানায়, সেলিম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে এখনো ভাবছে না দল।