অবস্থান সংহত করার চেষ্টা করেন মইন উ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনমুখী ত ৎ পরতা ও দুর্নীতিবিরোধী অভিযানকে কেন্দ্র করে সেনাবাহিনীতে মতানৈক্য দেখা দিয়েছিল। এ রকম এক প্রেক্ষাপটে সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ নিজের অবস্থান সংহত করার চেষ্টা করেন। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) বদলি করা হয়। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে।২০০৮ সালের ৪ জুন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হন ডিজিএফআইয়ের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের প্রধান ব্রিগেডিয়ার এ টি এম আমিন। বৈঠকে তিনি পিএসও লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে এনডিসির কমান্ড্যান্ট পদে বদলির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরেন। এ বদলি মাসুদকে কার্যত কোণঠাসা করে দেয়। লে. জেনারেল মাসুদকে সেনাপ্রধান মইন উ আহমেদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। আমিন বলেন, মাসুদকে এনডিসিতে বদলির পাশাপাশি দুর্নীতি দমন অভিযান তত্ত্বাবধানের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।জেনারেল মইনের খুব অনুগত ব্রিগেডিয়ার আমিন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশসহ দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে জেনারেল মাসুদের কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তোলেন। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপে আমিন স্বীকার করেন, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি রয়েছে। নির্বাচনমুখী পদক্ষেপ সমর্থনসহ জেনারেল মইনের কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারে অনেকে প্রশ্ন তোলেন। ব্রিগেডিয়ার আমিন রাষ্ট্রদূতকে বলেন, সংলাপ ব্যর্থ হলে ও রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সরকার বিকল্প ব্যবস্থা নিতে পারে। সম্ভাব্য বিকল্পের একটি হলো—রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কারের প্রশ্নে গণভোটের আয়োজন। আরেকটি বিকল্প হলো, নির্দলীয় ভিত্তিতে সংসদ নির্বাচনের আয়োজন। তবে রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, এ দুটি বিকল্পের কোনোটিই গ্রহণযোগ্য হবে না। আমিন স্বীকার করেন, নির্বাচনই হচ্ছে বর্তমান সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পথ। তিনি রাষ্ট্রদূত মরিয়ার্টিকে বলেন, সরকারের জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ বেশি আসন পেতে পারে। তবে দলটি হয়তো এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকারি বিশ্লেষণে দেখা যায়, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী উল্লেখযোগ্যসংখ্যক আসনে জিততে পারে। সংসদে প্রায় অর্ধেক নতুন মুখ আসতে পারে।চলমান গ্রেপ্তার অভিযান সম্পর্কে জিজ্ঞেস করা হলে আমিন বলেন, শুধু ৫০০ ব্যক্তিকে জরুরি ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১০ হাজার বা তারও বেশি ব্যক্তিকে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আমিন এ সময়ে এ ধরনের গ্রেপ্তারি অভিযান চালানোর বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটি অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমিন আরও বলেন, ইতিপূর্বে গ্রেপ্তার অভিযানের রাশ টেনে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।