ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আর বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট সম্প্রতি মার্কিন সিনেটের শুনানিতে যে বক্তব্য দিয়েছেন সেটি ওয়াশিংটনের অবস্থানেরই প্রতিফলন।
গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর ড্যান মজীনা সাংবাদিকদের এসব কথা বলেন।
মার্শিয়া ব্লুম বার্নিকাট বাংলাদেশে পঞ্চদশ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অংশ হিসেবে গত ১৮ জুলাই মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে বক্তব্য দেন। এতে তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ‘নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ’ ছিল। তাই বাংলাদেশে আরও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে সংলাপে বসা দরকার।
ওই বক্তব্যের সমালোচনা করেছেন মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য। অন্যদিকে সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মার্শিয়া বার্নিকাটের বক্তব্যটি ব্যক্তিগত মন্তব্য, মার্কিন সরকারের অভিমত নয়।
মার্শিয়া বার্নিকাটের মন্তব্যের কারণে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে কি না বা ওই বক্তব্যকে কেন্দ্র করে মন্ত্রীদের সমালোচনাকে তিনি কীভাবে দেখেন, জানতে চাইলে ড্যান মজীনা বলেন, ‘লোকজন যেটা বলতে চান, তাঁরা সেটা বলতে পারেন। রাজনৈতিক যে দূরত্বের কথা আপনারা বলছেন, সেটি কিন্তু আমি বলিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬ জানুয়ারি ও ১১ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, মার্কিন সিনেটে ৩০ এপ্রিল নিশা দেসাই বিসওয়ালের বিবৃতি এবং ১৭ জুলাই সিনেটে মার্শিয়া বার্নিকাটের বক্তব্য, সেটাই যুক্তরাষ্ট্রের অবস্থান। এসব বক্তব্য-বিবৃতি অভিন্ন। এতে কোনো পরিবর্তন হয়নি। কোনো দূরত্ব তৈরি হয়নি।’