অবস্থার অবনতি, ফারজানা আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পরিবারের নয় সদস্যকে হারানো এবং সিস্টেম্যাটিক লুপাস ইরিথেম্যাটোসাস (এসএলই) নামের জটিল রোগে আক্রান্ত ফারজানা আক্তারের (১৬) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

২০১৪ সালের ১৪ জুন ভোরে রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান ফারজানার মা বেবি আক্তার, বড় ভাই আশিক ও ভাবি শিখা, দুই যমজ ভাই লালু হোসেন ও ভুলু হোসেন, তিন বোন শাহানা আক্তার, রোকসানা বেগম, আফসানা আক্তার এবং ভাগনে দুই বছরের মারুফ। ফারজানাও দগ্ধ হয়েছিল। এ ঘটনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ এনে পাল্টা সাড়ে তিন হাজারের বেশি ক্যাম্পবাসীর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এর মধ্যে দুটি মামলার বাদী পুলিশ।

শরীরের ১৭ শতাংশ পুড়ে যাওয়া ফারজানা তিন মাস চিকিৎসা নেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। পরিবারের নয় সদস্যকে হারানোর তিন মাসের মাথায় একমাত্র অবলম্বন বাবা ইয়াছিন আলীকেও হারাতে হয় সড়ক দুর্ঘটনায়। বাবার মৃত্যুর পর ফারজানাকে রাখেন খালু আসলাম খান ও খালা শাহীদা বেগম। কিন্তু ৩ অক্টোবর থেকে ঢাকা মেডিকেলের নতুন ১০ তলা ভবনের ৮০১ নম্বর ওয়ার্ড হয় ঢাকা প্রেসিডেন্সি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ফারজানার নতুন ঠিকানা। এর আগে ১৫ দিন ভর্তি ছিল বাংলাদেশ মেডিকেলে।

ফারজানা ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক টিটু মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গতকাল দুপুরে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক লতিফ রাইয়ান রহমানবলেন, রক্তশূন্যতার কারণে ফারজানাকে গতকাল দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্তের প্রয়োজন। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলের পক্ষ থেকে আমরা ফারজানার জন্য সাধ্যমতো করার চেষ্টা করছি। বিনা মূল্যে সিটি স্ক্যানের জন্য আমরা তাকে সলিমুল্লাহ মেডিকেলে রেফার করেছি। অন্য সরকারি হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবেও সাহায্য করছেন।’

ফারজানার খালু আসলাম ধানমন্ডির একটি সেলুনে কাজ করেন। চিকিৎসার ব্যয় জোগানো নিয়ে তিনিও চোখে অন্ধকার দেখছেন। প্রথম আলোকেতিনি বলেন, ‘দুই বছরে মেয়ের (ফারজানার) চিকিৎসার পেছনে দেড়-দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। আরও চারটা ছেলেমেয়ে আছে। সামনের দিনগুলো কীভাবে চলবে বুঝতে পারছি না।’

দুপুরে ঢাকা মেডিকেলের ৮০১ নম্বর ওয়ার্ডের ৫৯/ক নম্বর বিছানায় ফারজানা বসে ছিল। বাঁ চোখে জমাটবাঁধা রক্ত। তীব্র শ্বাসকষ্টে গোটা শরীর কেঁপে উঠছে। পাশেই স্যালাইন-স্ট্যান্ডে ঝোলানো একটি রক্তের ব্যাগ।

রাত নয়টার দিকে আসলাম ফোন করে প্রথম আলোকে বলেন, ‘ফারজানাকে সন্ধ্যায় আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলছেন, ওর অবস্থা ভালো নয়। সবাই ওর জন্য দোয়া করবেন।’