অবহেলা, অজুহাতের ফাঁদে মানুষ
দিনাজপুরের বিরামপুরে তিন ইউনিয়নের তিনটি সড়ক পাকা করার কাজ নির্ধারিত সময়ে শেষ না করায় এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতা ও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কগুলোর কাজ শেষ না হওয়ায় ওই তিন ইউনিয়নের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিরামপুর স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১১ সালে জিআরডিপি প্রকল্পের আওতায় ১ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে খানপুর ইউনিয়নের ৩ দশমিক ৩৬ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ পান দুজন ঠিকাদার। জয়নগর রেলগেট থেকে ধানজুড়ি পর্যন্ত এ রাস্তার কাজ পান দিনাজপুরের ঠিকাদার রেজা হুমায়ুন ফারুক ও ঠাকুরগাঁওয়ের দুর্গা আগারওয়াল। এ ছাড়া গত বছর ৫৭ লাখ ৪৯ হাজার টাকায় বিনাইল ইউনিয়নের মহনপুর-দেশমা সড়কের এক কিলোমিটার এবং ২৮ লাখ ৫৯ হাজার টাকায় পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্ত-একইর সড়কের চকহরিদাসপুর এলাকার আধা কিলোমিটার পাকা করার জন্য দরপত্র আহ্বান করা হয়। মহনপুর-দেশমা সড়কের কাজ পান দিনাজপুরের ঠিকাদার এহেতেশামুল হক। এ সড়কের কার্যাদেশ দেওয়া হয় গত বছর। কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ২৫ এপ্রিল। চকবসন্ত-একইর সড়কের কাজ পায় দিনাজপুরের অন্বেষা এন্টারপ্রাইজ। এ সড়কের কাজ শেষ করার কথা ছিল গত ১৬ জুন।
সরেজমিনে গত বুধবার দেখা গেছে, জয়নগর-ধানজুড়ি সড়কটির খোয়া উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়কটি ধসেও গেছে।
দিশম পারগানা (পুরো দেশের সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর নেতার পদবি) কেরোবিন হেমব্রম বলেন, আদিবাসী অধ্যুষিত একটি ইউনিয়ন হলো খানপুর। বরাবরই এ ইউনিয়নটি অবহেলার শিকার। অনেক দেনদরবারের পর প্রথমবারের মতো এ ইউনিয়নের একটি রাস্তা পাকা করার কাজ শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় তা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই ইউনিয়নে কোনো পাকা রাস্তা না থাকায় ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন দিক দিয়ে তাঁরা শুধু পিছিয়েই যাননি, পোহাচ্ছেন অসহনীয় দুর্ভোগ। সেই ২০১১ সালে রাস্তা মেরামতের নাম করে কিছু খোয়া বিছানো হয়েছিল। আর কোনো কাজই হয়নি।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, জয়নগর-ধানজুড়ি সড়কটি ইউনিয়নের মূল সড়ক। এ পথে ধানজুড়ি, সোনাজুড়ি, বটতলীসহ ইউনিয়নের বেশির ভাগ এলাকার মানুষ যাতায়াত করে। শুরু থেকেই সড়কটির কাজ নিয়ে টালবাহানা চলছে বলে তিনি অভিযোগ করেন।
২০১২ সালে জয়নগর-ধানজুড়ি সড়কে খোয়া বিছানোর পর সংশ্লিষ্ট দুই ঠিকাদারই কাজ বন্ধ রেখে চলে যান। পরে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর আবার দরপত্রের মাধ্যমে কাজ দেওয়া হয় আরিফ স্টোর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বকুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে চকবসন্ত-একইর এবং মহনপুর-দেশমা সড়ক ঘুরে দেখা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে রাস্তা দুটি কাদায় থিকথিকে হয়ে পড়ায় চলার অনুপযোগী হয়ে পড়েছে। চকহরিদাসপুর গ্রামের শিক্ষক মনোয়ার হোসেন বলেন, এ গ্রামে প্রায় হাজার লোকের বাস। গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা এটি।
দেশমা গ্রামের মুদি ব্যবসায়ী আবু হানিফ বলেন, মহনপুর-দেশমা সড়কটি পাকা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চৌঠা, তেঘরিঘা, রানীনগর গ্রামের ২০ হাজার লোককে ৩০ কিলোমিটার ঘুরে ফুলবাড়ী হয়ে বিরামপুরে যেতে হয়।
যোগাযোগ করা হলে মহনপুর-দেশমা সড়কের ঠিকাদার এহেতেশামুল হক এবং চকবসন্ত-একইর সড়কের ঠিকাদার অন্বেষা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিসুর রহমান চৌধুরী জানান, ইটের অভাবে তাঁরা সময়মতো কাজ করতে পারেননি। আগামী ডিসেম্বরের আগে নতুন ইট না ওঠা পর্যন্ত কাজ করা সম্ভব নয় বলে তাঁরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিরামপুর প্রকৌশল কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ইট না পাওয়ার অজুহাতটি মিথ্যা। এসব ঠিকাদার একাধিক স্থানে কাজ নেন। এরপর ইচ্ছামতো কোনো একটির কাজ শেষ করে সেটির টাকা তুলে অন্যটি শুরু করেন।
স্থানীয় প্রকৌশল বিরামপুর কার্যালয়ের প্রকৌশলী মাহমুদ জামান বলেন, ঠিকাদারদের নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা না করায় বিধি মোতাবেক তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।