অবহেলা ও অসচেতনতায় পানি হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকা ও চারপাশের নদীগুলো দূষণে মরে যাচ্ছে। কালো পানি ব্যবহারের অনুপযোগী। অথচ এসব নদীর পানি শোধন হয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে। রাজধানীর বাবুবাজারে বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (দ্বিতীয়) এলাকা থেকে তোলা ছবি l হাসান রাজা
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকা ও চারপাশের নদীগুলো দূষণে মরে যাচ্ছে। কালো পানি ব্যবহারের অনুপযোগী। অথচ এসব নদীর পানি শোধন হয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে। রাজধানীর বাবুবাজারে বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (দ্বিতীয়) এলাকা থেকে তোলা ছবি l হাসান রাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন বলেন, ‘পানি আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদের অবহেলা ও অসচেতনতার কারণে তা আজ হুমকির সম্মুখীন। আমাদের দৈনন্দিন ব্যবহারে নানাভাবে পানির অপচয় হচ্ছে, যা ভবিষ্যতে আমাদের দুর্ভোগের কারণ হয়ে দেখা দিতে পারে। তাই দ্রুত এ বিষয়ে সচেতন হতে হবে। সরকারকেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

বিশ্ব পানি দিবস উপলক্ষে বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘টেকসই উন্নয়নে চাই পানি খাতে শুদ্ধাচার’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মানববন্ধন থেকে বাংলাদেশ পানি আইন ২০১৩ এর আশু বাস্তবায়ন, প্রকল্প বাস্তবায়নের ‌ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, নদীসহ জলাশয় ও জলমহালসমূহ বেআইনি দূষণ ও অবৈধ দখলমুক্ত করা, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা খুঁজে বের করতে হবে। এরপর তা নিরসনে উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। দেশে পানি খাত সম্পর্কিত আইনগুলোর কার্যকর প্রয়োগও নিশ্চিত করতে হবে।

মিষ্টি পানির প্রতি মানুষের অধিক গুরুত্বারোপ ও টেকসই ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব পানি দিবসের মূল প্রতিপাদ্য হলো-‘পানি ও টেকসই উন্নয়ন’।