অবহেলা ও উদাসীনতায় নষ্ট হচ্ছে হাওরের সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিত বাঁধ-স্লুইসগেট নির্মাণ, জমিতে অধিক কীটনাশক ব্যবহার, সরকারের অবহেলা ও উদাসীনতায় নষ্ট হচ্ছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য।হাওর এলাকার বাসিন্দারা জানান, যথাযথ পরিকল্পনামাফিক হাওর উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে পারলেই শুধু এ অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা হবে। পাঁচটি কারণে হাওরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সেখানকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। কারণগুলো হলো: অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণ, হিজল-করচসহ প্রাকৃতিক জলাবন নির্বিচারে ধ্বংস, কৃষিজমিতে অধিক কীটনাশক ও সারের ব্যবহার, কারেন্ট জালসহ বিভিন্ন উপায়ে নির্বিচারে মৎস্য নিধন এবং খাল-বিল-নদী-হাওর ভরাট।নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা দেবাশীষ কুমার সরকার জানান, হাওরের জলজ উদ্ভিদগুলো এখন নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। দিন দিন জলজ উদ্ভিদের পরিমাণ কমে আসছে। এতে করে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়ে হাওরের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সুষ্ঠু পরিকল্পনা ছাড়া হাওর এলাকার জীবনমান উন্নয়ন থেকে শুরু করে সৌন্দর্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, বর্তমান সরকারের জলবায়ু পরিবর্তন তহবিল রয়েছে, সেই তহবিল থেকে হাওর অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশসংক্রান্ত উন্নয়নে বাস্তবসমঞ্চত প্রকল্প গ্রহণ করা উচিত।শাল্লা উপজেলার বরাম হাওরপারের বাসিন্দা কৃষক আনসার আলী জানান, অতীতের মতো হাওরাঞ্চলের জমিতে ফসল ফলে না। এমনকি বিগত বছরগুলোতে হাওরে যে পরিমাণ মাছ আহরণ করা সম্ভব হতো, সেটাও এখন সম্ভব হচ্ছে না।হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা হিমেন্দ্র দাশ জানান, হাওরের উন্নয়নে কোনো সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় ক্রমশ হাওরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে। অথচ হাওরের সৌন্দর্য কাজে লাগিয়ে একটা সুবিশাল পর্যটন স্পট তৈরি করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারে। এ ছাড়া পরিকল্পনামতো হাওরকে কাজে লাগালে সেখানকার ধান ও মাছ বিক্রি করেও বিপুল পরিমাণ আয় করা সম্ভব।তবে হাওর ও জলাশয় উন্নয়ন বোর্ডের সদস্য সাংসদ এম এ মান্নান জানান, বর্তমান সরকারের আমলে পিআইসি প্রথায় বাঁধ নির্মিত হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের অংশগ্রহণ বেড়েছে। এতে করে পরিকল্পনামাফিক বাঁধ নির্মিত হচ্ছে। বাঁধ নির্মাণে এখন হাওরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।