অবহেলা না করে প্রতিবন্ধীদের যত্ন নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নন। তাঁদের অবহেলা না করে যত্ন নিতে হবে। যত্ন আর ভালোবাসা পেলে তাঁরাও দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশের মান উজ্জ্বল করতে পারেন। এর অনেক সুন্দর উদাহরণ রয়েছে।

গত রোববার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের বিনা মূল্যে মোবাইল থেরাপি ভ্যান সেবা ক্যাম্পেইনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর দেশের দরিদ্র, অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এর ফলে প্রতিবন্ধীরা বসে নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রতিবন্ধীদের বিনা মূল্যে মোবাইল থেরাপি দিতে সরকার ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র গড়ে তুলেছে। এগুলো প্রতিবন্ধীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মামুন ভূঁইয়া প্রমুখ।