অবহেলা নয়, মমতায় গড়তে হবে অটিস্টিক শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাফসান মুহতাদী অন্তিকের বয়স যখন দুই বছর, তখন ও কথা বলতে পারছিল না। আমরা তখন হতাশ হয়ে পড়লাম। চিকিৎসকের শরণাপন্ন হলাম। এরপর জানলাম, ও অটিস্টিক শিশু। এরপর পরিবারের সবাই মিলে তার প্রতি যত্নবান হই। চার বছর বয়সে ও কথা বলা শুরু করে। আগে কলম ধরতে পারত না। এখন ও লিখতে পারে। বলতে পারে। প্রথম দিকে কষ্ট পেলেও আমরা এখন তা মানিয়ে নিয়েছি। একমাত্র সন্তানের প্রতি পরিবারের সবাই যত্নবান হয়ে উঠেছে।’রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মাহবুবুল আলম তাঁর সেই দুঃখজাগানিয়া কথা গতকাল শনিবার ব্যক্ত করলেন সেমিনারে। ওই সময় কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা। এরপর অন্তিক মাইক্রোফোন হাতে নিয়ে কাজী নজরুল ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি’ ছড়াটি শোনায়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন তুমুল করতালি দিয়ে তাকে বাহ্বা দেয়। আরেক অটিস্টিক শিশু মো. শহীদুল ইসলাম খোকন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে।এভাবেই গতকাল শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১১ উপলক্ষে কুমিল্লার সেমিনার, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অটিস্টিক শিশুদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। ঢাকার জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), কুমিল্লা মেডিকেল কলেজ শিশুরোগ বিভাগ ও বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের (বিপিএফ) যৌথ উদ্যোগে সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ওই সেমিনার শুরু হয়। কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ইউনিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কে এ মান্নান ও বিএমএ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী।সেমিনারে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বাণী পাঠ করে শোনান ইউনিকের কর্মকর্তা মো. মনিরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম ফেরদৌস। তিনি বলেন, ‘অটিজম বিষয়ে সচেতনতা গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দিনে দিনে এ রোগ বাড়ছে। পুত্রসন্তানদের এ রোগ বেশি হচ্ছে। যার অনুপাত ৪ দশমিক ৩:১।কাজী আলী রেজা বলেন, ‘অটিস্টিক শিশুদের পারিবারিক এবং সামাজিকভাবে অবহেলা করা ঠিক নয়। ওদের পরম মমতায় আগলে নিতে হবে। যে পরিবারে অটিস্টিক শিশু থাকে, সে পরিবারের হাসি ম্লান হয়ে যায়। তাই সবাইকে সামাজিক চেতনাবোধ থেকে ওই সব শিশুর পাশে দাঁড়াতে হবে।’মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘জিনের কারণে অনেক সময় শিশুরা অটিস্টিক হয়ে জন্মগ্রহণ করে। অটিস্টিক শিশুরা অস্বাভাবিক আচরণ করে। এটা এক ধরনের মানসিক রোগ। পরিবারের সদস্যরাই পারে শিশুকে শিখন ও মমতার মধ্যে আগলে রাখতে।’সেমিনার উপলক্ষে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজের করিডরে অটিস্টিক শিশুদের আঁকা ১৫টি চিত্রকর্ম স্থান পায়। নদী, ফুল আর প্রকৃতি নিয়ে শিশুদের ওই চিত্রকর্ম চিকিৎসকদের মন ভরিয়ে দেয়। মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থীরা ওই সব চিত্রকর্ম আঁকে। জেলা প্রশাসনের আয়োজন: ‘অটিস্টিক ও প্রতিবন্ধী উন্নয়নে পণবন্দী’ এ স্লোগান নিয়ে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা শহরের শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফরিদ উদ্দিন আহমেদ ও জেলা প্রবেশন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।