অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
মাগুরা শহরের হাসপাতালপাড়ায় ‘সাগরিকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ কর্তৃপক্ষের অবহেলায় গতকাল বুধবার এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
মহমঞ্চদপুর উপজেলার খালিয়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক সম্পা বিশ্বাসের পরামর্শে স্ত্রী বনানী পারভীনকে (২২) গত মঙ্গলবার দুপুরে ওই ক্লিনিকে ভর্তি করি। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে সম্পা বিশ্বাস পারভীনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন। পারভীনের একটি মেয়েশিশুর জন্ম হয়। গতকাল সকালে পারভীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ক্লিনিকের লোকজনকে অনেকবার বলার পরও কোনো চিকিৎসক পাওয়া যায়নি।
দুপুর পৌনে ১২টার দিকে পারভীন মারা যান। পারভীন মারা যাওয়ার পর আমরা হইচই শুরু করলে তাঁরা চিকিৎসক ডেকে আনেন। এ সময় ক্লিনিকের লোকজন আমাদের জোর করে অ্যাম্বুলেন্সে তুলে ফরিদপুরের দিকে পাঠিয়ে দেন। আমরা পুলিশকে সব জানিয়েছি।’
অস্ত্রোপচারের কথা স্বীকার করে সম্পা বিশ্বাস বলেন, ‘সিজারিয়ানের পর মা ও শিশু ভালো ছিল। রোগীর অবস্থা খারাপ শুনে সাড়ে ১২টার দিকে আমি ওই ক্লিনিকে যাই। তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই।’ সম্পা বিশ্বাস দাবি করেন, ফরিদপুরে পাঠানোর আগে পারভীন জীবিত ছিলেন।
ক্লিনিকের ব্যবস্থাপক আবদুর রউফ বলেন, ‘সকালে পারভীনের অবস্থা খারাপ হলে আমরা চিকিৎসক ডেকে আনি। চিকিৎসায় অবহেলা হয়নি।’ প্রায় দুই বছর আগে সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের রিনা বেগম নামের এক নারী এই ক্লিনিকে ভুল চিকিৎসায় মারা যান বলে অভিযোগ রয়েছে।
মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক আবু হেনা বলেন, ‘ওই প্রসূতির পরিবার ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে। আমরা ক্লিনিকটি বন্ধ করে দিয়েছি। ক্লিনিকের মালিকদের কাউকে পাইনি।’
অবশ্য গতকাল বিকেল তিনটার দিকে ক্লিনিকে গিয়ে দেখা গেছে, সেখানে ক্লিনিকের মালিক, ব্যবস্থাপক সবাই আছেন। ক্লিনিকটি যথারীতি চলছে।