অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নাজমা আক্তার (৩০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার বেলা দেড়টার দিকে অস্ত্রোপচার কক্ষে তাঁর মৃত্যু হয়। শহরের মুন্সেফপাড়ার হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নাজমা আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
নাজমার স্বামী তাজুল জানান, গতকাল সকালে গ্রামের বাড়িতে নাজমা একটি ছেলে সন্তান প্রসব করেন। প্রসবের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুন্সেফপাড়ার হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই হাসপাতালে কর্তব্যরত কোনো চিকিৎসক ছিল না। হাসপাতালের মালিকের স্ত্রী নারগিছ বেগম ও কয়েকজন সেবিকা তাঁর চিকিৎসা শুরু করেন। এ অবস্থায় রোগীর স্বজনেরা নাজমাকে হাসপাতাল থেকে অন্যত্র নেওয়ার চেষ্টা করলেও মালিকপক্ষের লোকজন অনুমতি দেয়নি।
তাজুল আরও জানান, এর কিছুক্ষণ পরই নাজমাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় এবং একটি ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতালের মালিক বাহাদুর মিয়া বলেন, ‘প্রথমে আমরা ওই রোগীকে হাসপাতালে রাখতে চাইনি। পরে ভর্তি নিই। এরপর মারিয়া ও জোবায়দা নামের দুজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতালে আসার জন্য ফোন করেছি। কিন্তু তাঁরা হাসপাতালে আসেননি।’