নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আলিম পরীক্ষার কেন্দ্রে কর্তব্যে অবহেলার অভিযোগে এক শিক্ষককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র থেকে জানা গেছে, চলতি আলিম পরীক্ষায় গতকাল ছিল আরবি বিষয়ের প্রথম পত্র পরীক্ষা। সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের পাঁচ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট মোহামঞ্চদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে ওই শিক্ষক কেন্দ্রসচিবের অনুমতি না নিয়ে কক্ষের বাইরে যান। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে এসে দেখেন, ওই শিক্ষক বাইরে থেকে এসে কক্ষে ঢুকছেন। ইউএনও ঘটনাটি কেন্দ্রসচিবের নজরে আনেন এবং ওই শিক্ষককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পরীক্ষাকেন্দ্রের সচিব ও সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম মনসুর আলী।