অবহেলার আগুনে পুড়ল ছোট্ট দেহখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন কিশোরী মুন্নী বেগম। ছবি সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন কিশোরী মুন্নী বেগম। ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে প্রভাব খাটিয়ে একটি ভবনের ছাদের ওপর দিয়ে বিদ্যুতের লাইন স্থাপন করার অভিযোগ উঠেছে। ভবনটির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোরী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে সে।

গত ২৬ জুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে একটি ভবনে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়। ৪ জুলাই দুপুরে ভবনের ছাদের ওপর দিয়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয় মুন্নী বেগম (১৬)।

এ ঘটনার পরের দিন দুর্ঘটনাকবলিত দোতলা ভবনের মালিক আবদুল করিম মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম বরাবর আবেদন করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। আবেদনের অনুলিপি দেওয়া হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২৬ জুন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও বোর্ড সভাপতি কামাল হোসেন নিজে উপস্থিত থেকে একটি ভবন ঘেঁষে নতুন খুঁটি পুঁতে সেই খুঁটির ওপর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগিয়ে জনৈক মতিউল ইসলামের ভবনে বিদ্যুৎ–সংযোগ দেন। সে সময় আবেদনকারী আবদুল করিম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কামাল হোসেন ও বৈদ্যুতিক লাইন স্থাপনকারী ঠিকাদারের কর্মীদের কাছে এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তখন কামাল হোসেন বলেছিলেন, নিরাপত্তার জন্য বৈদ্যুতিক তার ঝুঁকিমুক্ত রাখতে প্লাস্টিক পাইপ দিয়ে ঢেকে দেওয়া হবে। কিন্তু প্রতারণা করে তাঁর (আবদুল করিম) ভবনের ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার আর প্লাস্টিক পাইপ দিয়ে ঢেকে দেওয়া হয়নি। এর ফলে ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত ভবনের ভাড়াটে মুন্নী উন্মুক্ত তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

মুন্নীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই হাত ও পেট মারাত্মকভাবে পুড়ে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

ভবনমালিক ও আবেদনকারী আবদুল করিম আরও অভিযোগ করেন, ঘটনার পরের দিনই পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএমের কাছে আবেদন করলেও দীর্ঘ ১৮ দিনেও পবিস থেকে কোনো তদন্ত করা হয়নি।

কিশোরী মুন্নীর ভাই মোবারক হোসেন জানান, অনিয়ম করে ভবনের ছাদের ওপর দিয়ে বৈদ্যুতিক তার টানা হয়েছে। এত বড় দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে কোনো তদন্ত হয়নি। তাঁর বোনের অবস্থা সংকটাপন্ন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পবিসের সাবেক পরিচালক ও বোর্ড সভাপতি কামাল হোসেন আজ বুধবার প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি ২৬ জুন সেখানে উপস্থিত ছিলাম না। তা ছাড়া এটা আমার জানার কথা নয়। এটা প্রকৌশলীদের ব্যাপার। যত দূর জানি, ভবনটিতে পুরোনো লাইনের নিচ দিয়ে নতুন লাইন টানা হয়েছে।’

তবে কাজটির ঠিকাদার আবদুল মালিকের ফোরম্যান ভলু মিয়া জানান, পবিসের সাবেক পরিচালক ও বোর্ড সভাপতি কামাল হোসেনের উপস্থিতিতেই আবদুল করিমের ভবনের কাছে খুঁটি পুঁতে বৈদ্যুতিক তার টানা হয়। এ নিয়ে কোনো আপত্তি থাকলেও কামাল হোসেন তাঁদের (ঠিকাদারের লোক) কিছুই জানাননি।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম গণেশ চন্দ্র দাশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের বেশ ব্যস্ততার কারণে তদন্ত করা হয়নি। এখন গুরুত্বসহকারে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।