অবহেলার কারণেই রানা প্লাজা দুর্ঘটনা: শ্রম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার জাতীয় শ্রমিক জোটের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: শরিফুল হাসান
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার জাতীয় শ্রমিক জোটের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: শরিফুল হাসান

মালিকের অবহেলার কারণেই রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘দেশের অনেক শিল্প ও কারখানা মালিকদের প্রয়োজনীয় জ্ঞান নেই। তাঁরা কারখানার নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকেন।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক জোটের ১৮ তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের শ্রমিকদের জন্য অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান শ্রমিক নেতারা।
অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অনেক কারখানায় গিয়ে দেখেছি হাজার হাজার মেয়ে কাজ করে। কিন্তু প্রয়োজনীয় শৌচাগার নেই। যা-ও বা আছে সেটাও নোংরা। শ্রমিকেরা প্রচণ্ড গরমে কাজ করলেও অনেক মালিক প্রয়োজনীয় ফ্যান রাখেন না। অথচ মালিক ও শ্রমিক পরস্পরের পরিপূরক। মালিকদের উচিত শ্রমিকদের কষ্ট বোঝা, প্রয়োজনে তাঁদের সঙ্গে খাওয়া। আর শ্রমিকদেরও কারখানা ধ্বংস হয় এমন সব কাজে না গিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার কাজ করা উচিত।’ 

প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের পাশাপাশি মালিকদের কল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গৃহকর্মীদের জন্য সরকার নীতিমালা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে নিজেদের ঘর থেকে মানবাধিকার শুরু করতে করতে হবে।’ তিনি বলেন, ‘শ্রমিকদের চিকিৎসার জন্য টঙ্গীতে ৩০০ শয্যার একটি হাসপাতাল হবে।’
সম্মেলনের বিশেষ অতিথি অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হলে নাগরিকের অধিকারও প্রতিষ্ঠিত হবে। আজ যদি শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমা করা হয় তাহলে অন্যরাও সেটি পাবেন। ষাটের দশকের শ্রমিক আন্দোলন, এ দেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান প্রণয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ বাংলাদেশের শ্রমিকেরা দিনে দিনে অসহায় হয়ে পড়ছে। ন্যূনতম মজুরির পাশাপাশি কারখানার লভ্যাংশও শ্রমিকদের দেওয়া উচিত।
সম্মেলনের সভাপতি জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান। অনুষ্ঠানে শ্রমিক জোটের সহসভাপতি আবদুল ওয়াহেদ, আবদুল্লাহ মহিউদ্দিন, এমদাদুল হক সিকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদসহ জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।