অবহেলার মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদিতে খড় ও গাছের বাকল শুকাতে দেওয়া হয়েছে। চারপাশে কোনো সীমানাপ্রাচীর নেই। অবাধে চরে বেড়াচ্ছে ছাগল, বিড়াল ও কুকুর। এই করুণ অবস্থা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী উচ্চবিদ্যালয়-সংলগ্ন শহীদ মিনারের। গত বুধবার বিকেলে ওই এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহীদ মিনার যে জায়গায় নির্মাণ করা হয়েছে, সেই জায়গা নিয়ে মামলা আছে। এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ এটি সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে না।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিমগাছী উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকায় শহীদ মিনারটি নির্মাণ করেন। এ এলাকার মানুষ ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরে এখানে ফুল দিয়ে জাতীয় বীরদের স্মরণ করে। তবে কেউ এটি সংরক্ষণ করার উদ্যোগ নিচ্ছেন না।
নিমগাছী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ বলেন, জায়গাটি নিয়ে মামলা চলায় কিছুদিন ধরে শহীদ মিনারটি এমন অবস্থায় আছে। তবে ২১ ফেব্রুয়ারির আগে এর বেদিসহ আশপাশ পরিষ্কার করে ফুল দেওয়ার উপযোগী করা হবে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে শহীদ মিনারটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ইউএনও ফিরোজ শাহ্ বলেন, এটি রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।