অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ক্লিনিক সিলগালা
যশোরের কেশবপুরে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর এক দিন পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্লিনিকটি বন্ধ করে দিয়েছেন। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিকের ভুয়া এক প্যাথলজিস্টকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পাশাপাশি কথিত এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুল আলম। গতকাল বেলা একটায় সেবা সার্জিক্যাল ক্লিনিকে আভিযান চালিয়ে এটি সিলগালা করে দেন তিনি। এ সময় ক্লিনিকের ভুয়া প্যাথলজিস্ট ওয়াহেদুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। ক্লিনিকের সব যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত শহরের হাসপাতাল মোড়ের জিয়া ক্লিনিকে অভিযান চালান। এ সময় চিকিৎসা সনদ দেখাতে না পারায় ওই ক্লিনিকের জিয়াউর রহমান নামের কথিত এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই চিকিৎসক গত বৃহস্পতিবার অন্তঃসত্ত্বা ফিরোজা বেগমকে (২০) চিকিৎসা দিয়েছিলেন। ফিরোজা কেশবপুরের মঙ্গলকোট গ্রামের আবদুর রহমানের স্ত্রী। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অসুস্থ অবস্থায় গত শুক্রবার সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক কামরুজ্জামান তাঁকে চিকিৎসা দেন। এতে রোগী খানিকটা সুস্থ হন।রোগীর স্বজনেরা অভিযোগ করে, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের অন্য এক চিকিৎসক আবদুল মজিদ তাঁদের জানান, রোগীর পেটের বাচ্চা মারা গেছে। এখনই ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচার করাতে হবে, না হলে রোগী মারা যাবে। তাঁর কথা অনুযায়ী রোগীকে শহরের হাসপাতাল সড়কের সেবা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। এখানে আবদুল মজিদ রাত আটটার দিকে রোগীর অস্ত্রোপচার করেন। এর পর থেকে রোগীর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।রোগীর শাশুড়ি হোসনে আরা অভিযোগ করেন, সারা রাত প্রচুর রক্তক্ষরণে রোগী নিস্তেজ হয়ে পড়লে তিনি বারবার ক্লিনিক কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু চিকিৎসক না থাকায় কোনো চিকিৎসা দেওয়া হয়নি। রোগীর স্বামী আবদুর রহমান অভিযোগ করেন, তিনি অনেকবার চিকিৎসক মজিদকে ফোন করলেও তিনি আসেননি। বিনা চিকিৎসায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফিরোজা মারা যান।আবদুল মজিদ বলেন, ‘ওই রোগী মারা যাওয়ার ব্যাপারে আমার কোনো অবহেলা ছিল না।’ তিনি দাবি করেন, ‘আমাকে রোগীর পরিবারের পক্ষ থেকে কেউ ডাকেনি।’এ ব্যাপারে আবদুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সামাদের কাছে লিখিত আভিযোগ করেন। আবদুস সামাদ বলেন, ‘অভিযোগ পেয়ে যশোর জেলা সিভিল সার্জনকে লিখেছি। তিনি একটি তদন্ত কমিটি করে দেবেন বলে জানিয়েছেন।’