অবহেলায় নজরুল-নার্গিসের স্মৃতিবিজড়িত দৌলতপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতা, সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে এসেছিলেন। বন্ধু আলী আকবর খানের সঙ্গে তাঁর বাড়িতে আসেন কবি। এখানকার সবুজ-শ্যামল পরিবেশ কবিকে দারুণভাবে আচ্ছন্ন করে। এখানে কবি রচনা করেছেন বহু কবিতা, গান আর ছড়া। সেই দৌলতপুর আজও অবহেলিত। এখানে রাষ্ট্রীয়ভাবে কবির নামে হয়নি কোনো প্রতিষ্ঠান। এ অবস্থার মধ্য দিয়ে আজ শনিবার কবির ১১৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। মুরাদনগরের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ধরে সামনে এগোলেই দৌলতপুর গ্রাম। এ গ্রামে ঢুকতেই চোখে পড়বে নজরুল তোরণ। তোরণের দুই পাশে ইট-সিমেন্টের তৈরি কালো রঙের টুকরা টুকরা বোর্ডে সাদা কালিতে লেখা কবির পঙিক্তমালা। ওই পথ ধরে আধা কিলোমিটার এগোলেই খানবাড়ি। যে বাড়িকে কেন্দ্র করে নজরুলময় হয়ে ওঠেন ভক্তরা। ওই বাড়ি আর গ্রাম দীর্ঘদিন থেকে পরিচিত হয়ে ওঠে নজরুল-নার্গিসের গ্রাম হিসেবে। এখানে রয়েছে আলী আকবর খানের সুনিপুণ কারুকাজে শোভিত দ্বিতল বাড়ি। এ বাড়িতেই কবি ছিলেন। এ বাড়ির পলেস্তারা খসে গেছে। দীর্ঘদিন ধরে হচ্ছে না সংস্কার। এ ভবনের পেছনে বাঁশঝাড় পার হলেই কবির বাসরঘর। জানা যায়, ১৯৬২ সাল পর্যন্ত কবির বাসরঘরটি আটচালা ছিল। পরে চৌচালা হলেও আয়তন ও ভিটির কোনো পরিবর্তন করা হয়নি। ওই ঘরে রয়েছে নার্গিসের ব্যবহার করা কাঠের সিন্দুক। একসময় ওই ঘরে বাসরখাটটি ছিল। এখন সেটি পাশের একটি আধা পাকা ঘরে রাখা হয়েছে। কবিপত্নী নার্গিস বংশের উত্তরসূরি বাবলু আলী খান বলেন, এ বাড়ির পুকুরঘাটে কবি দুপুরে শীতলপাটিতে বসে গান ও কবিতা লিখতেন। খানবাড়ির ছেলেমেয়েদের নাচ, গান ও বাদ্যযন্ত্র শেখাতেন। পুকুরের পানিতে সাঁতার কাটতেন। শখ করে পুকুরে জাল আর পলো দিয়ে মাছ শিকার করতেন। কবির ওই স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য দৌলতপুরে বানানো হয়েছে ‘নজরুল মঞ্চ’। প্রতিবছর কবির জন্মদিনে সেখানে জেলা প্রশাসন ও মুরাদনগর উপজেলা প্রশাসন অনুষ্ঠান করে থাকে। এর বাইরে আর কিছুই এখানে হয়নি। এলাকাবাসী জানান, ওই মঞ্চে বছরের অধিকাংশ সময় গরু চরে। শিশুরা হামাগুড়ি দেয়। বাঙ্গরা (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম সওদাগর বলেন, ময়মনসিংহের ত্রিশালে কবির নামে অনেক কিছু হয়েছে। অথচ দৌলতপুরে কিছুই হলো না। কবি এখানে দুই মাস ১১ দিন ছিলেন। এখানে তিনি যৌবনে প্রেম ও বিয়ে করেছেন। অনেক কবিতা ও গান রচনা করেছেন। দৌলতপুরে কবির নামে বড় ধরনের কোনো স্থাপনা ও সাংস্কৃতিক কেন্দ্র করা হোক। মুরাদনগরের অধ্যাপক আবদুল মজিদ কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ‘কবি নজরুলের নামে দৌলতপুরে একটি বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।’ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুজ্জামান খান বলেন, ‘প্রতিবছর এখানে জেলা ও উপজেলা পর্যায়ের অনুষ্ঠান হয়ে থাকে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কোম্পানীগঞ্জ থেকে নবীনগর উপজেলা পর্যন্ত সড়কটি কবির নামে করতে চাই। একই সঙ্গে প্রস্তাবিত বাঙ্গরা থানা নজরুলের নামে করার উদ্যোগ নেব।’ নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান আজ থেকে: আজ শনিবার থেকে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১৪তম নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠান। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন এলাকার চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। কাল রোববার মুরাদনগরের দৌলতপুর ও সোমবার কুমিল্লা শহরের টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন বিকেল পাঁচটায় এ অনুষ্ঠান হবে। এতে দেশের নামকরা নজরুল গবেষক ও শিল্পীরা উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।