অবহেলায় নবজাতকের মৃত্যু!
সিরাজগঞ্জ পৌর শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এ ঘটনা ঘটে।রোগীর স্বজনেরা অভিযোগ করেন, পৌর শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা নিতাই দাসের স্ত্রী সুরভী রোববার সন্ধ্যায় ওই হাসপাতালে একটি ছেলেসন্তান জন্ম দেন। পরে মা ও নবজাতককে শিশু ওয়ার্ডের ৫ নম্বর শয্যায় রাখা হয়। এ সময় নবজাতকের অবস্থার অবনতি হলে অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু চিকিত্সকেরা সময়মতো অক্সিজেন না দেওয়ায় গভীর রাতে নবজাতকের মৃত্যু হয়।নিতাই অভিযোগ করে বলেন, ‘চিকিত্সকেরা সঠিক সময়ে আমার সন্তানকে অক্সিজেন দিলে এ দুর্ঘটনা ঘটত না। তাঁদের কাছে অক্সিজেন ছিল না।’ গতকাল সোমবার সকালে ওই হাসপাতালে গিয়ে কোনো চিকিত্সককে পাওয়া যায়নি। মুঠোফোনে হাসপাতালের শিশু বিভাগের প্রধান চিকিত্সক আহসান হাবিব জানান, অক্সিজেনের অভাবে শিশু মারা যাওয়ার অভিযোগ সত্য নয়।নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের উপ-পরিচালক (প্রশাসন) সাদী মোহাম্মদ জানান, রোগীর অবস্থা শুরু থেকেই ভালো ছিল না। নিতাই স্থানীয় লোক। হাসপাতালের টাকা-পয়সা পরিশোধ না করার জন্যই তিনি নানা ধরনের মিথ্যা কথা রটাচ্ছেন।