অবহেলায় নবজাতকের মৃত্যু, কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ পরিদর্শিকার (ভিজিটর) অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই পরিদর্শিকাকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কিশোরগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গত সোমবার রাতে ওই নবজাতকের মৃত্যু হয়। মৃত নবজাতকের স্বজনেরা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চং ভাদেরা গ্রামের রাসেল মিয়ার সন্তানসম্ভবা স্ত্রী হীরামণিকে (২৫) সোমবার সকালে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক হুসনা বেগম হীরামণিকে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর অবস্থা ভালো উল্লেখ করেন এবং বলেন তাঁর স্বাভাবিক সন্তান প্রসব হবে।হীরামণির শাশুড়ি মনোয়ারা খাতুন ও ননদ রুবিনা আক্তার বলেন, চিকিৎসক চলে যাওয়ার পর বিকেলে রোগীর অবস্থার অবনতি ঘটে। এ সময় তাঁরা কর্তব্যরত পরিবার কল্যাণ পরিদর্শিকা শামছুন্নাহারকে চিকিৎসক ডাকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কিন্তু শামছুন্নাহার কোনো ব্যবস্থা তো নেননি, বরং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে হীরামণির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ পর্যায়ে পরিদর্শিকা ক্লিনিকের এক আয়ার সহযোগিতায় রোগীকে অস্ত্রোপচারের কক্ষে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসকের অনুপস্থিতিতে মৃত বাচ্চা প্রসব করান।হীরামণির শ্বশুর মো. হাফিজুর রহমান ভূঁইয়ার অভিযোগ, পরিবার কল্যাণ পরিদর্শিকার অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হীরামণির স্বজনেরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার উপপরিচালকের বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে নবজাতকের মৃত্যুর জন্য পরিদর্শিকার অবহেলাকে দায়ী করে বিচারের দাবি করা হয়। এ ব্যাপারে পরিদর্শিকা শামছুন্নাহার বলেন, ‘আমি তাদের ভালো করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে খারাপ হয়ে গেছে।’মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা হুসনা বেগম বলেন, ‘রোগী ভর্তির পর অবস্থা ভালো থাকায় স্বাভাবিক সন্তান প্রসবের ব্যবস্থা নেওয়া হয়। অবস্থা খারাপ হলে আমাকে খবর দেওয়ার কথা। আমাকে না জানানোর বিষয়টি অপরাধের পর্যায়ে পড়ে।’ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান বলেন, ওই ঘটনায় গতকাল দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শামছুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।