অবহেলায় নষ্ট হচ্ছে ১০০ কোটি টাকা মূল্যের সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) রাঙামাটি জেলায় অবস্থিত কর্ণফুলী কাঠ আহরণ ইউনিট এবং কাঠ সংগ্রহ ও বিক্রয় প্রকল্পের প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। ২০০৫ সালে ওই প্রকল্প পে-অফ ঘোষণার পর থেকে কাপ্তাই উপজেলায় অবস্থিত কার্যালয়টি বন্ধ রয়েছে। একই সঙ্গে কাপ্তাইয়ের কারখানা এলাকা ও বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট কেন্দ্রে সড়ক নির্মাণ, কাঠ আহরণ ও পরিবহনের যন্ত্রাংশ খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।
বিএফআইডিসির কাপ্তাইয়ে বর্তমানে চলমান প্রকল্প লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএফআইডিসি কর্তৃপক্ষ গত জুলাই মাসে কর্ণফুলী কাঠ আহরণ ইউনিট এবং কাঠ সংগ্রহ ও বিক্রয় প্রকল্পকে পে-অফ থেকে অবমুক্ত করেছে। তবে এই প্রকল্পটি পুনরায় চালু করতে হলে নতুন করে শ্রমিক-কর্মচারী নিয়োগ ও যন্ত্রাংশ মেরামতসহ বেশ কিছু নতুন যন্ত্রাংশ কিনতে হবে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি অরুণ কুমার চাকমা ও সাধারণ সম্পাদক মো. খালেকুন নূর সিকদারসহ অন্যরা জানান, বিএফআইডিসি কাপ্তাইয়ে লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের কার্যক্রম চালু রেখে ২০০৫ সালে কর্ণফুলী কাঠ আহরণ ইউনিট এবং কাঠ সংগ্রহ ও বিক্রয় প্রকল্প পে-অফ ঘোষণা করে। তার পর থেকে প্রাইভেটাইজেশন বোর্ডের একটি দল প্রকল্প কার্যালয় ও কারখানা বেশ কয়েকবার পরিদর্শন করে। ওই সময় পরিদর্শক দলটি কার্যালয় ও কারখানার সম্পদের একটি তালিকাও তৈরি করে। তবে ওই সব যন্ত্রপাতি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, সম্পূর্ণ চালু থাকা অবস্থায় কোনো কারণ ছাড়াই প্রকল্পটি পে-অফ ঘোষণা করা হয়েছিল। তখন ওই প্রকল্পে ৪২৭ জন শ্রমিক-কর্মচারীসহ কয়েকজন কর্মকর্তাও ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, বিএফআইডিসি কার্যালয়ের সব দরজা-জানালা বন্ধ রয়েছে। তবে বেশ কয়েকটি জানালার কাচ ভাঙা দেখা গেছে। পাহারায় থাকা একজন আনসার সদস্য জানান, কয়েক মাস ধরে তিনি পাহারায় রয়েছেন। এ সময়ে কখনো কেউ কার্যালয়ে আসেনি।
অপরদিকে কাপ্তাই জেটিঘাট এলাকায় অবস্থিত কারখানায় গিয়ে দেখা যায়, প্রকল্পের বহু মূল্যবান যন্ত্রাংশ খোলা আকাশের নিচে এবং কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত ও অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে তিনটি সি-ট্রাক, তিনটি ক্রেনবাহী কার্গো বার্জ, দুটি ক্রেন, তিনটি ট্রাক্টর, কয়েকটি পিকআপ, ভারী ও বড় বড় গাছ পরিবহনের বিশেষ ধরনের গাড়ি, লেদ মেশিনসহ অনেক যন্ত্রাংশ। এসব যন্ত্রাংশের মূল্য ১০০ কোটি টাকার বেশি। তবে বর্তমান মূল্য আরও অনেক বেশি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. মোস্তাক আহমেদ কর্ণফুলী কাঠ আহরণ ইউনিট এবং কাঠ সংগ্রহ ও বিক্রয় শাখাকে পে-অফ থেকে সরকারের অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন ইচ্ছা করলে বিএফআইডিসি কর্তৃপক্ষ প্রকল্পটি চালু করতে পারে। তবে চালু করতে গেলে আরও অনেক কাজ করতে হবে। যদি প্রকল্প চালু করা না হয়, তাহলে সরকারের বিপুল জমি, পড়ে থাকা যন্ত্রপাতি, প্রকল্পের কার্যালয় ও কর্মকর্তাদের বাসভবনগুলো কী করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে বিএফআইডিসির চেয়ারম্যানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে তিনি জানান।
বিএফআইডিসির চেয়ারম্যান সরাফ উদ্দিন আহমেদ বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।