অবহেলায় নিবুনিবু আশার আলো

নওগাঁর কৃষক বিল্লাল হোসেনের ছোট ছেলে হাফিজুর রহমান ‘ইঞ্জিনিয়ার’ হয়ে বের হচ্ছেন—এ কথা এলাকার সবাই জানে। হাফিজের কথা বলতেই বুক চওড়া হয়ে ওঠে বড় ভাই রবিউল ইসলামের, যিনি নিজে উচ্চমাধ্যমিক পাস। রবিউল বলছিলেন, হাফিজুরের মতো মেধাবী তাঁদের বংশে আর একজনও নেই। তাঁরা সবাই আশায় ছিলেন, ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে পরিবারটির দুর্দশা দূর করবেন হাফিজুর।
কিন্তু সবাই যা ভাবে তাই কি হয়! খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বস্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র হাফিজুর এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইসিইউতে হাফিজুরের পাশের দুই বিছানায় শোয়া তাঁরই দুই সহপাঠী শাহীন মিয়া ও দীপ্ত সরকারের জীবনও সংকটাপন্ন। হাফিজুরের মতো শাহীন ও দীপ্তও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর আশার আলো হয়ে জ্বলে উঠেছিলেন। কর্মজীবনে ঢুকে তাঁরা পরিবারগুলোর হাল ধরবেন বলে আশায় ছিল সবাই। কিন্তু অবহেলার এক আগুনে নিভতে বসেছে সেই আলোগুলো। সেই আগুনে এর মধ্যেই মৃত্যু হয়েছে হাফিজুরদের আরেক বন্ধু তৌহিদুল ইসলামের।
শিক্ষাজীবন শেষে কর্মজীবনে ঢোকার আগে হাতে-কলমে শিক্ষা নিতে কুয়েটের এই চার ছাত্র ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন নামের কারখানায় শিক্ষানবিশ (ইন্টার্ন) প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন। কারখানার পাশে মাস্টারবাড়ি এলাকার একটি নতুন ছয়তলা ভবনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তাঁরা। গত শনিবার রাতে ওই ফ্ল্যাটে শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান তৌহিদুল। গুরুতরভাবে দগ্ধ হন হাফিজুর, শাহীন ও দীপ্ত।
ঘটনার পর পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়েছিলেন। সেই সংযোগের ফুটো থেকে গ্যাস ছড়িয়ে ওই বিস্ফোরণ ঘটেছে। ভবনমালিকের অবহেলায় (দণ্ডবিধির ৩০৪-ক ধারা) এই হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে মামলা করেছে ভালুকা থানার পুলিশ।
তবে পরিবারগুলো এখন কেবল নিজের সোনার ছেলেদের বেঁচে ওঠার প্রতীক্ষায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দিন পার করছে। সঙ্গে আছেন হতাহত শিক্ষার্থীদের বন্ধু ও শিক্ষকেরাও। বন্ধুরা কেউ হতাহতদের স্বজনদের মুখে খাবার তুলে দিচ্ছেন, আবার কেউ রক্ত সংগ্রহের জন্য দৌড়াচ্ছেন। কেউ খোঁজ নিচ্ছেন রোগীদের। হাসপাতালের বাইরে থেকে ওষুধ কেনাসহ অন্যান্য খরচও তাঁরাই বহন করছেন। সহপাঠী ও শিক্ষকেরা জানালেন, ফলাফলের দিক থেকে ভালুকায় হতাহত চার শিক্ষার্থী প্রথম ১০ জনের মধ্যে।
আইসিইউর কনসালট্যান্ট চিকিৎসক মৌমিতা তালুকদার প্রথম আলোকে বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তিনজনেরই শ্বাসনালি পুড়েছে। শাহীন মিয়ার শরীরের ৮৩ শতাংশ পুড়েছে, ডান হাত ভেঙে গেছে। হাফিজুর রহমানের ৫৮ শতাংশ আর দীপ্ত সরকারের পুড়েছে ৫৪ শতাংশ। এই দুজনকেই কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।
বার্ন ইউনিটের আইসিইউর বাইরে গতকাল সোমবার দুপুরে কথা হয় তিনজনের পরিবারের সঙ্গে। দগ্ধ শাহীন মিয়ার মা শাফিয়া বেগম বলেন, তাঁর দুই ছেলে, দুই মেয়ে। শাহীন মিয়ার বাবা মারা গেছেন তিন বছর আগে। সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে এক ছেলে বাবার দোকান সামলান। পরিবারটি তাকিয়ে ছিল শাহীন মিয়ার দিকে।
মাগুরার দীপ্ত সরকারের ভাই নারায়ণ সরকার বেশ গর্ব করে বললেন, ‘আমার ভাই বিভাগের ৬০ জনের মধ্যে সেকেন্ড। এক নম্বরের জন্য প্রথম হতে পারেনি।’
তৌহিদুল ইসলামের লাশের ময়নাতদন্ত শেষে গত রোববার সন্ধ্যায় ভালুকা থানা থেকে নিয়ে গেছেন তাঁর বড় বোন নূসরাত জাহান ও ভগ্নিপতি তারিকুল ইসলাম।
এদিকে ভালুকার ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি করেছে। তিন কর্মদিবসের মধ্যে এ দুই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় ভালুকা থানার উপপরিদর্শক কাজল হোসেন বাদী হয়ে ‘আর এস টাওয়ার’ নামের ভবনটির মালিক আবদুর রাজ্জাক ঢালীকে আসামি করে একটি মামলা করেছেন। মামলায় বাড়ির মালিকের অবহেলা, ভুল নকশায় ভবন নির্মাণ, অবৈধ গ্যাসলাইন সংযোগের কারণে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
বিস্ফোরণের পর রোববার সন্ধ্যায় ছয়তলা ওই ভবনটির মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। আর ভবনের অন্য ভাড়াটেরা আগেই ভবন ছেড়েছেন।