অবহেলায় পুলিশ সদস্যের মৃত্যুর অভিযোগ
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসায় অবহেলায় রফিকুল ইসলাম (৩০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্ররক্ষা-১ নম্বর কোম্পানিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার অবহেলার বিষয়টি অস্বীকার করেছে। এ ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রফিকুলকে তাঁর সহকর্মীরা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। সেখানে একটি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালের দিকে রফিকুল আবারও অসুস্থ বোধ করছিলেন। তাঁকে দেখার জন্য ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসকও ছিলেন না। এ অবস্থায় দুপুর ১২টার দিকে রফিকুল মারা যান। রফিকুলের মৃত্যুর পর চিকিৎসক না থাকার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন রফিকুলের সহকর্মীরা। তবে তাঁরা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার কারণে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। এ ব্যাপারে জানতে হাসপাতালে গেলে প্রধান ফটকে থাকা নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি। জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম নিজাম উদ্দিন বলেন, গতকাল দুজন চিকিৎসক হাসপাতালে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকজনিত কারণে রফিকুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তত্ত্বাবধায়ক এ কে এম নিজাম উদ্দিন জানান, অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, রফিকুলের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জের আইরমারী এলাকায়। বাবা জয়নাল আবেদীন।