চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় সোমবার রাতে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাইনি ওয়ার্ডের কনসালট্যান্ট হোসনে জারী তাহমিনাসহ কর্তব্যরত সেবিকা আছিয়া বেগম ও দৌলতুননেছার বিরুদ্ধে এ অবহেলার অভিযোগ করেছেন প্রসূতির স্বামী। পারিবারিক সূত্র জানায়, চুয়াডাঙ্গা শহরের হক পাড়ার বাসিন্দা শ্যামল তাঁর নয় মাসের গর্ভবতী স্ত্রী ঝর্ণাকে (২৩) গুরুতর অবস্থায় সোমবার সকাল নয়টায় হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। সংশ্লিষ্ট কনসালট্যান্ট তাহমিনা ঝর্ণাকে চিকিৎসা দেন। শ্যামল বলেন, এরপরই ঝর্ণা প্রসবযন্ত্রণা ও শ্বাসকষ্টে ছটফট করতে থাকলেও সারা দিনে আর কোনো চিকিৎসক বা সেবিকার দেখা পাওয়া যায়নি। অবশেষে বিনা চিকিৎসায় রাত সাড়ে ১১টায় ঝর্ণা মারা যান। হাসপাতাল সূত্র জানায়, ওই সময় ওয়ার্ডে স্টাফ নার্স হিসেবে দায়িত্বে ছিলেন আছিয়া বেগম ও দৌলতুননেছা। তা ছাড়া এখানে প্রেষণে আসা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট তাহমিনা দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেই বেশি ব্যস্ত থাকেন। হাসপাতালের রোগীদেরও বিভিন্ন অজুহাতে ক্লিনিকে পাঠান। গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালে গিয়েও তাহমিনাকে পাওয়া যায়নি। জানা যায়, তিনি শহরের মা নার্সিং হোমে আছেন। সেখানে গিয়ে কথা হয় কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এখানে আসা নাছরিন (১৮) নামের এক গর্ভবতী নারীর বাবার সঙ্গে। নাছরিনের বাবা সাবুর আলী বলেন, ‘ডা. তাহমিনা বুলল হাসপাতালে থাকলি বিপদ হবে। তাই ক্লিনিকে নিয়ে আইচি।’ ক্লিনিকে চিকিৎসকদের কক্ষে পাওয়া যায় তাহমিনাকে। তিনি তখন নাছরিনের অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঝর্ণার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই রোগীর অবস্থার অবনতির বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।’ তিনি দাবি করেন, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। তিনি জানান, ঝর্ণা সেপটিক সেমিয়ার রোগী ছিলেন। এ ধরনের রোগীদের গর্ভধারণ ঝুঁকিপূর্ণ। তা ছাড়া আইইউডি (গর্ভেই সন্তানের মৃত্যু) সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে। তাহমিনার কাছে হাসপাতালে দায়িত্ব পালনের সময়ে ক্লিনিকে কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রোগীটি (নাছরিন) মুমূর্ষু। তাই আসতে হয়েছে।’ এ রোগীকে হাসপাতাল থেকে তিনিই ক্লিনিকে এনেছেন বলে অভিযোগ তোলা হলে তিনি ক্ষুব্ধ হন। তিনি ওই রোগীর অস্ত্রোপচার না করার ঘোষণা দেন। পরে অবশ্য রোগীর উৎকণ্ঠিত আত্মীয়দের অনুরোধে অস্ত্রোপচার কক্ষে ঢোকেন তিনি। অপর দিকে সেপটিক সেমিয়া রোগীর চিকিৎসা সম্পর্কে চুয়াডাঙ্গা হাসপাতালের সদ্য বদলি হওয়া গাইনি কনসালট্যান্ট তরুণকান্তি জানান, এ ধরনের রোগীর জন্য চিকিৎসকের সার্বক্ষণিক তত্ত্বাবধান প্রয়োজন। সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ এ বিষয়ে তাঁর কাছে অভিযোগ করেননি। তা ছাড়া অফিস চলাকালে তাহমিনার ক্লিনিকে কাজ করার বিষয়েও তিনি কিছু জানেন না। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।