অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভায় চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় সাভার থানা সড়কের রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। প্রসূতির নাম শিউলী আক্তার (২০)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বকচর গ্রামের মোহসিন মিয়ার স্ত্রী। শিউলীর বাবা রহিম উদ্দিন জানান, প্রসব ব্যথা ওঠার পর গতকাল বিকেলে তাঁর মেয়ে শিউলীকে রেজিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে শিউলীকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান চিকিৎসক জয়নাব আকতার। শিউলী হেঁটেই ওই কক্ষে যান। অস্ত্রোপচারের সময় জয়নাব আকতার, সেবিকা অথই আক্তারসহ আরও একজন ছিলেন। অস্ত্রোপচার করার পর তাঁর একটি নাতি হয়। নাতির চেহারাও তাঁদের দেখানো হয়। কিন্তু প্রায় আধা ঘণ্টা পরও শিউলীর চেতনা ফেরেনি। পরে তাঁদের জানানো হয় শিউলী মারা গেছেন।ঘটনার পর ক্লিনিকে গিয়ে চিকিৎসক জয়নাবকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।