অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় একটি ক্লিনিকে শম্পা খাতুন নামের এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তাঁর স্বজনেরা সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। ক্লিনিকের এক চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় ওই প্রসূতি মারা গেছেন—এমন অভিযোগ এনে এ হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত শম্পার ভাই মামলা করেছেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামের বুলবুল হোসেনের স্ত্রী শম্পা খাতুনের প্রসবব্যথা উঠলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে চানপাড়ার আনোয়ারা ক্লিনিকে নেওয়া হয়। সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে তাঁর স্বজনদের ছয় হাজার টাকায় রফা হয়। কিন্তু এরপর শম্পাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর অচেতন করার ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এ সময় চিকিৎসক আকরাম হোসেন লাশ অস্ত্রোপচার কক্ষে রেখে সটকে পড়েন। ক্লিনিকের অন্যরাও পালিয়ে যান।এ খবর শম্পার আত্মীয়স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা সংঘবদ্ধ হয়ে ক্লিনিকে হামলা চালিয়ে যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর করেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ক্লিনিক থেকে প্রসূতির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে নিহত শম্পার ভাই মতিউর রহমান ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন, চিকিৎসক আকরাম আলী ও বাড়ির মালিক সাইদুর রহমানকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির জানান, চিকিৎসকের অদক্ষতার কারণে প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা বলেন, ‘স্থানীয় লোকজন ও প্রসূতির আত্মীয়স্বজনদের কাছ থেকে শুনেছি, ওই চিকিৎসক মাদকাসক্ত। তাঁর অবহেলা ও অদক্ষতার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আনোয়ারা ক্লিনিকের কোনো অনুমোদন নেই। মঙ্গলবার ঘটনার পরে গিয়ে ক্লিনিকটি বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে চিকিৎসক আকরাম আলী এবং ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।