মৌলভীবাজার সদর হাসপাতালে গতকাল বুধবার রাহেনা আক্তার (২৭) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন, চিকিৎসায় অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।জানা গেছে, হাসপাতালের নৈশপ্রহরী রফিক আলীর স্ত্রী রাহেনাকে গত মঙ্গলবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। ওই দিন রাতে প্রসব ব্যথা ও রক্তক্ষরণ শুরু হলে তাঁর স্বামী বিষয়টি দায়িত্বরত চিকিৎসকদের জানান। এরপর রাত ১২টার দিকে চিকিৎসক হাদী হোসেন তাঁকে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পর গতকাল বুধবার সকাল পর্যন্ত রক্তক্ষরণ হতে থাকে। বেলা ১১টার দিকে রাহেনা মারা যান। এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগে রাহেনার স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরাঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন।চিকিৎসক হাদী হোসেন প্রথম আলোকে বলেন, ‘সিজারের জন্য সকালে অ্যানেসথেসিয়া দেওয়ার পর কার্ডিয়াক অ্যাটাকে তিনি মারা যান।’এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে প্রসূতি ও শল্যবিশেষজ্ঞদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।