অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে গত রোববার রাতে একজন প্রসূতির মৃত্যু হয়েছে। তাঁর নাম নার্গিস আক্তার (৩৪)। চিকিৎসকের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে, এ অভিযোগে গতকাল সোমবার সেখানে বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষ ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে।হাসপাতাল সূত্র জানায়, সিলেট নগরের মধু শহীদ আবাসিক এলাকার বাসিন্দা আবদুল আউয়ালের স্ত্রী নার্গিসকে রোববার বিকেলে ওই হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। আজ ১৪ ফেব্রুয়ারি তাঁর সন্তান প্রসবের দিন নির্ধারণ করা হয়েছিল। রোববার রাত ১০টা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় একজন সেবিকা নার্গিসকে স্যালাইন দিয়ে রাখেন। রাত একটার দিকে নার্গিস মারা যান।নার্গিসের ছোট ভাই আজহারুল ইসলাম অভিযোগ করে প্রথম আলোকে বলেন, রোববার বিকেল তিনটার দিকে নার্গিসকে ওই হাসপাতালে ভর্তি করা হলেও একজন চিকিৎসকও তাঁর কাছে যাননি। সবাই ব্যস্ত ছিলেন অন্য কাজে। রাত ১০টায় যখন নার্গিসের অবস্থার অবনতি ঘটে, তখন একজন সেবিকা গিয়ে স্যালাইন লাগিয়ে দিয়ে চলে যান। কিন্তু স্যালাইনটি যখন চলছিল না, তখন এ বিষয়টি বলার জন্যও কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। তিনি আরও জানান, নার্গিস মারা যাওয়ার পর থেকে মরদেহ অনেকটা বেওয়ারিশ লাশের মতো হাসপাতালের লেবার ঘরে ফেলে রাখা হয়।অবহেলার বিষয়টি অবগত হয়ে সকাল নয়টায় হাসপাতাল এলাকায় বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। বিক্ষোভ শেষে হাসপাতাল চত্বরে প্রতিবাদ সভা হয়। খবর পেয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী সেখানে উপস্থিত হয়ে ঘটনা তদন্তের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যক্তিরা শান্ত হয়।সহকারী পরিচালক সাংবাদিকদের বলেন, গাইনি বিভাগে ওই রাতে চারজন চিকিৎসক কর্তব্যরত ছিলেন। এ অবস্থায় অবহেলায় প্রসূতিমৃত্যুর অভিযোগ তদন্ত করা হবে। অবহেলার প্রমাণ মিললে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।