অবহেলায় পড়ে আছে চড়ারহাটের বধ্যভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিবিজড়িত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বধ্যভূমি অযত্ন ও অবহেলায় পড়ে আছে। স্থানীয় প্রশাসন উদ্যোগ না নেওয়ায় এটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে।চড়ারহাট এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুর রশীদ (৫৭) ও আবদুর রাজ্জাক (৬০) জানান, ১৯৭১ সালের ৮ অক্টোবর চড়ারহাটের মুক্তিযোদ্ধারা বিরামপুরের বিজুলবাজারে হানাদার বাহিনীর পাঁচজন সদস্যকে হত্যা করেন। এর প্রতিশোধ নিতেই ১০ অক্টোবর হানাদার বাহিনীর সদস্যরা চড়ারহাটসহ পাশের কয়েকটি গ্রামের শতাধিক পুরুষকে ধরে একই গ্রামের একটি মাঠে এনে হত্যা করে। স্থানীয় লোকজন তাঁদের চড়ারহাট গ্রামের পশ্চিম পাশে গণকবর দেয়।সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর-ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে ১০০ গজ দূরেই অযত্ন আর অবহেলায় বধ্যভূমিটি পড়ে আছে। এর চারপাশে কোনো সীমানাপ্রাচীর বা বেড়া নেই। সেখানে গরু ও ছাগল ঘাস খাচ্ছে। চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, শতাধিক শহীদের চিরনিদ্রায় শায়িত থাকার স্থানটি দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে।নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান জানান, বধ্যভূমিটি সংস্কারের জন্য তাঁরা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন কর্তৃপক্ষকে বহুবার বলেছেন। কিন্তু এটি সংরক্ষণে কেউ এগিয়ে আসেনি বলে তিনি অভিযোগ করেন।নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী সাদিক জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে চড়ারহাটের যে স্থানে শতাধিক গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল, সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। শিগগিরই বধ্যভূমিটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবিব জানান, বধ্যভূমিটি সংরক্ষণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী অর্থবছরের শুরুতে ওই প্রকল্পের আওতায় এখানে কাজ শুরু করা হবে।