অবহেলায় পড়ে আছে তিন কোটি টাকার ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে বহুগুণ। দুর্ঘটনাকবলিত মানুষদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে একটি ট্রমা সেন্টার নির্মাণের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সে অনুযায়ী তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার ভবন। কিন্তু প্রয়োজনীয় লোকবল পদায়ন না করা, আসবাব ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করায় এটি চালু করা যাচ্ছে না।টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ‘ছয়টি ট্রমা সেন্টার নির্মাণ প্রকল্প’র অধীনে টাঙ্গাইলে ট্রমা সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ২০০৮-২০০৯ অর্থবছরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে ট্রমা সেন্টারের স্থান নির্বাচন ও নির্মাণকাজ শুরু হয়।টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মণ্ডল জানান, তিন কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি বুঝে নেওয়ার জন্য গত বছরের ৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়। পরে স্বাস্থ্য বিভাগের পক্ষে টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত ওই বছরের ২ জুন ভবনটি বুঝে নেন। তিন তলাবিশিষ্ট এই ভবনে ২০ শয্যার ওয়ার্ড, অস্ত্রোপচার কক্ষ (ওটি), প্যাথলজি ল্যাব, জরুরি বিভাগসহ আন্ত ও বহির্বিভাগের চিকিৎসা দেওয়ার সব সুবিধাসংবলিত অবকাঠামো এ ভবনে রয়েছে।কিন্তু স্বাস্থ্য বিভাগ দীর্ঘ প্রায় এক বছরেও ট্রমা সেন্টারটি চালু করতে পারেনি। স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ভবন নির্মাণ করা হলেও ট্রমা সেন্টারের জন্য চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ানসহ কোনো পদ এখনো সৃষ্টি করা হয়নি। গত ২৪ মে সরেজমিন ট্রমা সেন্টারে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনটির মূল ফটকটি তালাবদ্ধ। ধুলাবালির স্তর জমে আছে মেঝেতে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, এমনিতেই হাসপাতালটিতে শয্যার অভাবে রোগীদের মেঝেতে রাখতে হয়। তার ওপর আবার দুর্ঘটনার রোগী এলে দুর্ভোগের সীমা থাকে না। বাধ্য হয়ে কখনো কখনো তাদের বারান্দায় রাখতে হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত বলেন, ‘ট্রমা সেন্টারটি চালুর ব্যাপারে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে প্রেষণে (ডেপুটেশন) চিকিৎসকসহ অন্যান্য লোকবল এনে চালুর অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু অনুমোদন পাওয়া যায়নি।’জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, দুর্ঘটনাপ্রবণ টাঙ্গাইল অঞ্চলে ট্রমা সেন্টারটি চালু করা খুবই প্রয়োজন। এ ব্যাপারে বিএমএর পক্ষ থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।