অবহেলায় বন্ধ হাঁসের বাচ্চা পালনকেন্দ্র
ঝালকাঠির হাঁসের বাচ্চা পালনকেন্দ্রটি দুই বছর ধরে বন্ধ থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রায় তিন কোটি টাকা খরচ করে নির্মাণ করা এ কেন্দ্রটি চালু হওয়ার এক বছর পরই বন্ধ হয়ে যায়। প্রাণিসম্পদ বিভাগের অবহেলায় এটি বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাঁস পালন করে গ্রামের দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে গড়ে তোলা এ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এখান থেকে হাঁসের বাচ্চা নিতে না পেরে কয়েক শ খামারি বিপাকে পড়েছেন। পাশাপাশি কয়েক কোটি টাকা মূল্যের স্থাপনা নষ্ট হচ্ছে। একই সঙ্গে এ কেন্দ্রের বিদ্যুতের ট্রান্সফরমারসহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার একটি ডাক রিয়ারিং ইউনিট (হাঁসের বাচ্চা পালনকেন্দ্র) স্থাপনের জন্য ২০০৪ সালে ঝালকাঠি শহরের কাছে গাবখান সেতু এলাকায় তিন একর জমি অধিগ্রহণ করে। ২০০৬ সালের ২৩ এপ্রিল প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ডাক রিয়ারিং ইউনিটের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ও হাঁসের বাচ্চা পালনের জন্য দুটি শেড নির্মাণের কাজ শুরু হয়। বাচ্চা পালনের জন্য এখানে ভেটেরিনারি সার্জনসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের মাঝামাঝি এখানে খুলনা থেকে এক দিনের হাঁসের বাচ্চা এনে দুই মাস লালনপালন করে তা খামারিসহ গ্রামের গৃহস্থদের কাছে স্বল্প মূল্যে বিক্রি শুরু হয়। প্রতিটি বাচ্চা ২০-২৫ টাকায় বিক্রি করা হতো। এখানে চার হাজার বাচ্চা পালন করার ব্যবস্থা ছিল। ঝালকাঠির পাশাপাশি পিরোজপুর, বরগুনা, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বাচ্চা সরবরাহ করা হতো। এ কেন্দ্র চালু হওয়ার পর অনেক খামারি ও কৃষক অধিক লাভের আশায় ধারদেনা করে হাঁস পালনের ব্যবসা শুরু করেন। মাত্র এক বছর পর কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কেন্দ্রটি থেকে হাঁসের বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন গাবখান গ্রামের শাহানারা বেগম। তিনি বলেন, ‘দুই মাসের বাচ্চা ২৫ টাহা হইরয়্যা কিন্না আনতাম। পাঁচ-ছয় মাস পালার পর হাঁস ডিম দেওয়া শুরু করতো। ডিম বেইচ্চা সংসারের অভাব দূর করমু, আশা ছিল। কিন্তু একবার ৩০টি বাচ্চা আনার পরই অফিসটা বন্ধ অইয়্যা গ্যাছে। অ্যাতে আমার অনেক লোকসান অইছে।’প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ত ৎ কালীন সরকার ডাক রিয়ারিং প্রকল্প গ্রহণ করে। উন্নয়ন খাতে গ্রহণ করা এ প্রকল্পে ২০০৬ সালে লোকবল নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখানে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। এ কারণে তাঁরা চলে যান। পাঁচজন কর্মকর্তা-কর্মচারী চলে যাওয়ার পর কোনো পাহারাদার না থাকায় এ কেন্দ্রের বিদ্যুতের ট্রান্সফরমার, তার, পাখা, বাতি, পানির পাম্পসহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে যেতে থাকে। এখন এটি গো চারণভূমিতে পরিণত হয়েছে।জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ডাক রিয়ারিং ইউনিটটি সংস্কার করে আবার চালু করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এটি চালু হলে গ্রামের সাধারণ মানুষ হাঁস পালন করে আর্থিকভাবে সচ্ছল হতে পারত।