অবহেলায় ভিজে গেল ১২ লাখ টাকার ওষুধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ সংরক্ষণের গুদামে পানি ঢুকে পড়ায় প্রায় ১২ লাখ টাকার ওষুধ ভিজে গেছে। ওষুধগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মেঝেতে টাইলস বসানোর কাজ চলাকালে বৃহস্পতিবার পানি দিয়ে মেঝে পরিষ্কার করতে গেলে তা গড়িয়ে ওষুধের গুদামে ঢুকে পড়ে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বরগুনার সিভিল সার্জন এ এইচ এ জহিরুল ইসলাম বলেন, ‘আমি ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি এবং এ জন্য দায়ী ভান্ডাররক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’ গতকাল রোববার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ রাখার গুদামে গিয়ে দেখা যায়, ওষুধের কার্টনগুলো পানিতে ভিজে গেছে। ভান্ডাররক্ষক মো. হাবিবুর রহমান জানান, শনিবার সকালে ওষুধ সংরক্ষণকক্ষের তালা খুলে তিনি রুমের ভেতরে পানি দেখতে পান। পানিতে ওষুধের সব কার্টন ভিজে গেছে। তিনি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানান। এই গুদামে ১০-১২ লাখ টাকার বিভিন্ন প্রকারের ওষুধ আছে। তবে তাঁর দাবি, কার্টনগুলো ভিজলেও ভেতরে কোনো ওষুধের ক্ষতি হয়নি। নির্মাণশ্রমিকেরা আগে জানালে ওষুধের গুদামে পানি ঢুকতে পারত না তিনি মনে করেন। তবে হাসপাতালে সংস্কারকাজের দায়িত্বে থাকা ঠিকাদার মো. হুমায়ুন কবির ওষুধ নষ্ট হওয়ার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, ‘কয়েক মাস ধরে হাসপাতালের সংস্কারকাজ চলছে কর্তৃপক্ষকে অবহিত করেই, গত বৃহস্পতিবার হাসপাতালের ক্লিনার নিজেই পাম্পের পানি দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করেছেন। ওই পানি ওষুধের গুদামে ঢুকেছে। এখন উল্টো ওষুধ নষ্ট হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দোষারোপ করে এবং ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে।’ বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান ওষুধের গুদামে পানি ঢোকার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ওষুধের কার্টন ও লেবেলের কিছু ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ওষুধের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি। ভেজা ওষুধ সুরক্ষার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।