অবহেলায় মা-ছেলের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় গতকাল মঙ্গলবার এক প্রসূতি ও তাঁর নবজাতক মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
ওই প্রসূতির নাম ফাতেমা বেগম (২৫)। তিনি উপজেলার মহাশ্রাদ্ধি গ্রামের রিকশাচালক আবদুর রহিম সিকদারের স্ত্রী। ফাতেমার স্বজনেরা অভিযোগ করেন, গত সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমানের পরামর্শে ফাতেমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল ভোর চারটার দিকে তিনি একটি মৃত ছেলেসন্তান প্রসব করেন। এর প্রায় এক ঘণ্টা পর ফাতেমাও মারা যান। চিকিৎসক ও সেবিকাদের কর্তব্যে অবহেলার কারণে ফাতেমা ও তাঁর সন্তান মারা গেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল আটটার দিকে এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে রাখেন এবং সামনের কালাইয়া-বগা সড়ক অবরোধ করে মিছিল করেন। খবর পেয়ে সকাল নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
মাহবুবুর রহমান কর্তব্যে অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর অবস্থা ভালো ছিল না। এ কারণে তাঁকে (রোগী) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁরা সে পরামর্শ শোনেননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, এ অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।