অবহেলায় মুজিবনগর স্মৃতিকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দিয়েছিলেন এসপি মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে ১২ জন আনসার সদস্য। কিন্তু ভাস্কর্যে আছেন আটজন আনসার। ছবিটি সম্প্রতি তোলা ।  প্রথম আলো
মেহেরপুরের মুজিবনগরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দিয়েছিলেন এসপি মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে ১২ জন আনসার সদস্য। কিন্তু ভাস্কর্যে আছেন আটজন আনসার। ছবিটি সম্প্রতি তোলা । প্রথম আলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের হাতের আঙুলে ফাটল ধরেছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের হাতের আঙুলে ফাটল ধরেছে

১৬ বছরেও মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের
কাজ শেষ হয়নি। যদিও একাধিকবার সময় বাড়ানোয় ব্যয় বেড়েছে। যেটুকু কাজ হয়েছে, তা-ও লোকবল ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে।

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ভাস্কর্যের পায়ের কাছে ভিত ভেঙে গেছে ।  ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ভাস্কর্যের পায়ের কাছে ভিত ভেঙে গেছে । ছবি: প্রথম আলো

প্রায় ৪২ একর জমির ওপর গড়ে ওঠা মুজিবনগর কমপ্লেক্সে প্রতিদিন শতাধিক দর্শনার্থী আসেন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান বলে এখানে আসেন প্রতিবেশী ভারতের মানুষসহ বিদেশিরাও। কিন্তু অসম্পূর্ণ প্রকল্প দেখেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। এখানে কোনো খাওয়াদাওয়া, এমনকি পানি পানেরও ব্যবস্থা নেই। নেই কোনো শৌচাগার বা বিশ্রাম নেওয়ার ছাউনি।
১৯৭১ সালের ১৭ এপ্রিল সীমান্তঘেঁষা মেহেরপুরের বৈদ্যনাথ বাবুর আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। পরে ওই জায়গার নাম দেওয়া হয় মুজিবনগর। ঐতিহাসিক ওই ঘটনাকে স্মরণীয় করে রাখতে আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে এ প্রকল্প হাতে নেয়।
১৯৯৮ সালের জুন মাসে ৪৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। ২০০৬ সালে তা শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর সময় বাড়িয়ে ২০১০ ও পরে আবার ২০১১ সালের জুন পর্যন্ত করা হয়। ব্যয় বাড়িয়ে করা হয় ৪৭ কোটি সাত লাখ টাকা।
গণপূর্ত বিভাগ জানায়, প্রকল্পের অধিকাংশ কাজ হয়েছে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দেওয়া খণ্ড খণ্ড অর্থ ব্যয়ে। ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর থেকে এ মন্ত্রণালয় প্রকল্পের তদারক করছে। তাই ২০০১ সালের আগে কত টাকায় কোন কাজ হয়েছে, তার পরিসংখ্যান কেউ জানাতে পারেননি।
মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মধ্যে গণপূর্তের অধীনে যতটুকু কাজ ছিল, তার প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বেশ কিছু কাজ বাকি আছে। ওই কাজ শেষ করতে গত বছরের ফেব্রুয়ারিতে পাঁচ কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। টাকা পেলে আবার কাজ শুরু হবে।
প্রকল্প এবং এর বর্তমান অবস্থা: এ প্রতিবেদক ১০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুজিবনগর স্মৃতিকেন্দ্রে যান। ভেতরে ঢুকে কিছুদূর এগোলে হাতের ডান পাশে পর্যটন মোটেল। সেখানে ছায়ার নিচে বসে প্রকল্প এলাকায় বৈদ্যুতিক বাতি লাগানোর কাজ করছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। তাঁরা জানালেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে তাঁরা অস্থায়ী ভিত্তিতে বাতি লাগানোর কাজ করছেন।
মুজিবনগর দিবসের সময় খোলা থাকলেও বছরের অন্য সময় বন্ধ থাকে পর্যটন মোটেল। দুই কোটি টাকার আসবাব কেনা হয়েছে এর জন্য। গণপূর্ত বিভাগ জানায়, মোটেলে বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে আছে একটি ৭৫ কেভিএ জেনারেটর, ১৫টি এসি, চারটি রেফ্রিজারেটর, ১২টি গিজার, আটটি টেলিভিশন, ২৪টি গার্ডেন লাইট ও দুটি পানির পাম্প। এসব যন্ত্রপাতির অবস্থা জানতে চাইলে প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এগুলো পড়ে আছে। বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেক দিন পড়ে থাকলে নষ্ট হতেই পারে। বিদ্যুৎ-সংযোগ দেওয়ার পর বোঝা যাবে কোনটা সচল কোনটা অচল।’

পাকিস্তানি সেনার এই ভাস্কর্যের ডান হাতে থাকা মশাল ভেঙে গেছে
পাকিস্তানি সেনার এই ভাস্কর্যের ডান হাতে থাকা মশাল ভেঙে গেছে

২০০০ সালে একটি শপিং মল তৈরি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আজ পর্যন্ত সেখানকার আটটি দোকান তালাবদ্ধ। অথচ স্মৃতিকেন্দ্রে ঢুকতেই রাস্তার ডান পাশে বেশ কয়েকটি অবৈধ দোকান বসেছে।
প্রকল্পে একটি ফোয়ারা আছে। কিন্তু তাতে পানি ও বিদ্যুৎ-সংযোগ নেই। ফোয়ারার রেলিংয়ের অনেক অংশ ভেঙে গেছে। এর দুই পাশে দুটি গোলাপবাগান। দেখা গেল বাগানের বেশির ভাগ গাছ মৃত। ১৯৯৯ সালে বন বিভাগ এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ওই বাগান তৈরি করে।
প্রকল্পে রয়েছে মুক্তিযুদ্ধের আটটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর সাদা সিমেন্টে তৈরি সুদৃশ্য ভাস্কর্য। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় প্রতিটি ভাস্কর্যে ময়লা জমেছে। জায়গায় জায়গায় চিড় ধরেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেওয়ার ভাস্কর্যটির উঁচিয়ে ধরা ডান হাতের আঙুলে দৃষ্টিকটু ফাটল।
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান এম এ জি ওসমানীর পায়ের কাছে ভিতে ফাটল ধরেছে।
ভাস্কর্যগুলো পার হলেই প্রায় ১৩ হাজার ৩৫৫ বর্গমিটার জমির ওপর মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক বাংলাদেশের বিশাল মানচিত্র। এর দক্ষিণ প্রান্ত ঘেঁষে বঙ্গোপসাগরের আদলে কৃত্রিম লেক। মানচিত্রের বিভিন্ন স্থানে আগাছা জন্মেছে। পানিতে ময়লা-আবর্জনা জমে একাকার। মানচিত্রের চারদিকে বৃত্তাকারে নির্মিত গ্যালারিতে ম্যুরাল ও ক্ষুদে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের অনেক ঘটনা। গ্যালারির সুইচবোর্ডগুলো ভাঙা। বেশ কিছু হ্যালাউড লাইট ভেঙে ঝুলে পড়েছে। কবুতরের বিষ্ঠায় নোংরা হয়ে আছে অনেক জায়গা। গ্যালারির ছাদের বেশ কিছু স্থান ও সিঁড়িতে ওঠার একটি দেয়ালে ফাটল ধরেছে।
প্রকল্পের প্রশাসনিক ভবন ও একটি জাদুঘরের কাজ ২০০৫ সালেই শেষ হয়। জাদুঘরে একটা ঘরের মধ্যে কোনোরকমে রাখা মুক্তিযুদ্ধের সময়কার সশস্ত্র বাহিনীর প্রধান, উপপ্রধান, সেক্টর কমান্ডার, সাত বীরশ্রেষ্ঠ ও বীর প্রতীক খেতাব পাওয়া দুই নারী মুক্তিযোদ্ধার ভাস্কর্য। জাদুঘরের পাশে বাক্সবন্দী হয়ে পড়ে আছে একটি ২০ কেভিএ জেনারেটর ও ১৩টি এসি।
২০১১ সালে নির্মাণ করা হয় এক হাজার ৬০ বর্গমিটার আয়তনের ৪০০ আসনের একটি মিলনায়তন। তবে স্টেজের কাঠের কাজ, জলছাদ, র্যাম্পসহ বেশ কিছু কাজ এখনো বাকি। নতুন প্রকল্পে ওই সব কাজ শেষ করতে বরাদ্দ চাওয়া হয়েছে। মিলনায়তন চালু না হওয়ায় অব্যবহূত অবস্থায় রয়েছে অত্যাধুনিক স্টেজ লাইটিং সিস্টেম, সাউন্ড সিস্টেম, ১২ দশমিক ৪ টন করে ছয়টি এয়ারকুলার, অগ্নিনির্বাপক যন্ত্র ইত্যাদি।
মুজিবনগর স্মৃতিকেন্দ্রের অসমাপ্ত কাজের বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রকল্পটির কাজ শেষ করার ব্যাপারে আমরা খুবই আন্তরিক। বিশেষ বরাদ্দ নিয়ে আগামী চার মাসের মধ্যে পুরো কাজ শেষ করে ফেলব।’
মুজিবনগর কমপ্লেক্স দেখাশোনা করার জন্য সরকার রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৪০টি পদ সৃষ্টি করেছে। তবে গত বছরের ২০ আগস্ট এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হলেও আজ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি।