অবহেলায় মৃত্যুর অভিযোগ হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত সোমবার রাতে চিকিৎসকের অবহেলায় মধু মণ্ডল (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়স্বজনেরা রাতেই সদর হাসপাতালের জরুরি বিভাগ ও পুরুষ ওয়ার্ড ভাঙচুর করেছেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকসহ ছয়জন আহত হয়েছেন।মাথায় আঘাত পেয়ে মশিউর রহমান নামে এক চিকিৎসক সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আহত অন্যরা হলেন জরুরি বিভাগের ব্রাদার শফিউদ্দিন, এমএলএসএস লিংকন, রোগী বাবর আলী, বাদল মণ্ডল ও বড় বলদিয়া গ্রামের নূর ইসলাম। রোগীর আত্মীয় সুজন জানান, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার মধু মণ্ডলকে (৬০) সোমবার রাত আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বিশ্রামকক্ষে ছিলেন।রোগীর ওই আত্মীয় অভিযোগ করেন, ডাকাডাকির পর চিকিৎসক রোগী দেখতে আসেন। ততক্ষণে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। ভালোভাবে না দেখেই রোগীকে ওয়ার্ডে পাঠান তিনি। রোগীকে পুরুষ ওয়ার্ডে নেওয়ার পর অক্সিজেন চেয়েও পাওয়া যায়নি। ফলে হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই রোগী মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে রোগীকে যখন আনা হয়, তখন তিনি প্রায় অচেতন ছিলেন। জরুরি বিভাগ থেকে পুরুষ ওয়ার্ডে নেওয়ার পর পরই তিনি মারা যান। ওই সময় ওয়ার্ডে কর্তব্যরত স্টাফ নার্স রহিমা খাতুন জানান, অক্সিজেন সিলিন্ডার এনে লাগানোর আগেই রোগী মারা যায়। এখানে কোনো অবহেলা করা হয়নি।ভাঙচুরের সময় আহত রোগী বাবর আলী, বাদল মণ্ডল ও নূর ইসলাম জানান, হাসপাতালের কাচের জানালা ভাঙচুরের সময় ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়। চিকিৎসক মশিউর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, মধু মণ্ডলকে সোমবার রাত আটটার সময় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই সময় রোগী পুরোপুরি অচেতন ছিলেন। পালস, প্রেসার কিছুই পাওয়া যাচ্ছিল না। তাই দ্রুত ওয়ার্ডে পাঠিয়ে অক্সিজেন দেওয়াসহ জরুরি চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।