অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে চার ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে গতকাল শনিবার থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের ৫ নম্বর বড়বাজার এলাকার গৌতম সাহার ছেলে দিব্য জ্যোতি সাহা (১৪) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বুধবার ওই হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার সন্ধ্যায় সে মারা যায়। ঘটনার পরপরই দিব্য জ্যোতির স্বজনেরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে সাইদুজ্জামান, তামান্না, মো. জাহাঙ্গীর আলম ও শুভ আহাম্মেদ নামের চার ইন্টার্ন চিকিৎসক আহত হন। খবর পেয়ে কর্তব্যরত অন্য চিকিৎসকেরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ ঘটনার জের ধরে পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার গতকাল জানান, রোগীর স্বজন এবং চিকিৎসকদের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করা হয়েছে। দিব্য জ্যোতি সাহার স্বজনেরা অভিযোগে বলেছেন, ওইদিন সন্ধ্যায় রোগীর অবস্থার অবনতি হলে তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের বারবার আসার অনুরোধ করেন। কিন্তু চিকিৎসকেরা যেতে দেরি করেন। এরই মধ্যে রোগীটি মারা যায়।ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. আরমান হোসেন বলেন, হামলার প্রতিবাদে তাঁরা গতকাল দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দিব্য জ্যোতির বাবা গৌতম সাহা অভিযোগ করেন, ‘গাফিলতি করে ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে। আমি এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিভাগীয় তদন্তের জন্য অনুরোধ করেছি।’ হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই সময় উপস্থিত অন্য রোগীর লোকজন তাঁদের কান্নাকাটি শুনে এগিয়ে এলে অপ্রীতিকর ঘটনা ঘটে।হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সত্য রঞ্জন সূত্রধর অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা গিয়ে তার এক লোককে ওষুধ আনতে পাঠান। ওই সময়ের মধ্যেই রোগীর মৃত্যু হয়।হাসপাতালের সহকারী পরিচালক মো. আনোয়ারুজ্জামান জানান, ঘটনা তদন্তে শিশু বিভাগের সহযোগী অধ্যাপক সফিউদ্দিন আহাম্মেদকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।