রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার সন্ধ্যায় অবহেলায় ঋতু (২০) নামের এক তরুণীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং নগরের কলাবাগান এলাকার সাজ্জাদ হোসেনের মেয়ে। বুধবার রাতে ওই তরুণীর চাচাতো ভাই মুসাব্বিরুল ইসলাম হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।মৃত তরুণীর অভিভাবকেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ঋতুকে বুধবার বিকেল পৌনে চারটার দিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে কিছুক্ষণ পর একজন নারী শিক্ষানবিশ চিকিৎসক এসে ব্যবস্থাপত্রে স্যালাইন দেওয়ার কথা লিখে দিয়ে চলে যান। রোগীর অভিভাবকেরা স্যালাইন নিয়ে এসে দেখেন, সেখানে কোনো চিকিৎসক নেই। কর্তব্যরত সেবিকা এসে ঋতুর শরীরে স্যালাইন দিয়ে চলে যান। কিছুক্ষণ পরে স্যালাইন খুলে যায়। এরপর সেবিকা এসে স্যালাইন দিয়ে যাওয়ার পর ফের খুলে যায়। এবার সেবিকাকে ডাকতে গেলে তিনি বিরক্ত হয়ে চিকিৎসককে ডেকে আনতে বলেন।পরে তাঁকে ৪ নম্বর ওয়ার্ড থেকে ৮ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকেরা চিকিৎসা দেওয়া শুরু করলেও ঋতু সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস ছবুর মিঞা বলেন, তাঁরা ওই রাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।