চিকিৎসক ও কর্মচারীদের অবহেলায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই রোগীর স্বজনেরা গতকাল রোববার হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এতে হাসপাতালের দুই কর্মচারী আহত হন।মারা যাওয়া ওই রোগী হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার রেজাউল করিমের স্ত্রী জাহানা বেগম (৩৬)। রেজাউল করিম অভিযোগ করেন, রোববার সকাল সাড়ে ১০টায় তিনি তাঁর স্ত্রীকে সদর হাসপাতালে নিয়ে আসেন। ওই সময়েই জরুরি বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয় এবং ভর্তির জন্য টিকিট চাওয়া হয়। দেড় ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীর কাছে কোনো চিকিৎসক আসেননি। দুপুর ১২টার দিকে রোগী ভ্যানের ওপরেই মারা যান।এ ঘটনায় রোগীর স্বজনেরা জরুরি বিভাগে হামলা চালিয়ে তিনটি কক্ষের জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে তাঁরা জরুরি বিভাগের ব্রাদার রেজাউল ইসলাম ও মিজানুর রহমানকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রেজাউল ইসলাম জানান, রোগীকে জরুরি বিভাগের মধ্যে আনার জন্য রোগীর লোকজনকে বলা হয়েছিল। তাঁরা ভেতরে আনেননি। বিষয়টি কর্মরত চিকিৎসককে জানানো হয়। তিনি পরে রোগীকে দেখতে আসেন।রবিউল ইসলাম জানান, দুপুর সোয়া ১২টার দিকে জরুরি বিভাগে একজন রোগীর জন্য কিছু লোক টিকিট চান। এ সময় জরুরি বিভাগে ভিড় ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক আইভি রহমান রোগীকে দেখতে গেলে তাঁকে মৃত অবস্থায় পান। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই রোগী মারা গেছেন। সিভিল সার্জন মো. নাজিমুদ্দীন খান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।