অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ একজন চিকিৎসকের ওপর হামলা চালায় এবং প্রায় দুই ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্স অবরোধ করে রাখে। ধুনট থানার পুলিশ ও রোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নিত্তিপোতা গ্রামের ছমির মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) গতকাল বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের লোকজন তাঁকে দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান রোগীকে ইসিজি ও রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি ক্লিনিক থেকে রোগীর ইসিজি ও রক্ত পরীক্ষা করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এরপর চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনেরা চিকিৎসকের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ রোগীর স্বজনদের সঙ্গে মিলে হাসপাতালে হামলা চালায়। তখন জরুরি বিভাগ থেকে চিকিৎসক মেহেদী হাসান সরে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন হাসপাতালের গেট বন্ধ করে চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রোগীর স্ত্রী আনজুয়ারা খাতুন অভিযোগ করেন, ক্লিনিক থেকে ইসিজি ও রক্ত পরীক্ষা করে জরুরি বিভাগে ফিরে এসে তাঁরা চিকিৎসক পাননি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসক মেহেদী হাসান জরুরি বিভাগে আসেন। কিন্তু তিনি আসার আগেই রোগী মারা যান। এ ব্যাপারে মেহেদী হাসান বলেন, ‘রোগীকে ইসিজি ও রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়ে অফিসে দাপ্তরিক কাজে একটু ব্যস্ত ছিলাম। পরে দ্রুত জরুরি বিভাগে পৌঁছে রোগীকে চিকিৎসা দেওয়া অবস্থায় সে মারা যায়।’ তিনি জানান, অতিরিক্ত গরমের কারণে হার্ট অ্যাটাকে রোগী মারা গেছে।