অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক লাঞ্ছিত, কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ এনে ওই চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার রাত ১১টা থেকে শিক্ষনবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন শুরু করেন। গতকাল বুধবার রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত ছিল।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আয়শা খাতুনের (৬৮) অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। সেখানে তাৎক্ষণিকভাবে শয্যা না পাওয়ায় রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় মৃত নারীর ছেলে মারুফ আহমেদ ক্ষিপ্ত হয়ে আইসিইউতে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক মো. আবদুল্লাহকে মারধর করেন। এ খবর শুনে রাত সাড়ে ১০টার দিকে অন্য শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালে এসে বিক্ষোভ করেন। একপর্যায়ে হাসপাতালে প্রবেশের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে স্বজনেরা রোগী নিয়ে এসে বিপাকে পড়েন। রাত ১২টার দিকে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রবেশপথ খুলে দেওয়া হয়। তবে কর্মবিরতি অব্যাহত থাকে।

ঘটনার পর মারুফ হাসপাতাল থেকে চলে যান। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মারুফের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, চিকিৎসকদের অনেক ডাকাডাকির পরও তাঁরা না আসায় রোগীর মৃত্যু হয়।

 এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে বিক্ষুব্ধ শিক্ষনবিশ চিকিৎসকেরা টেলিভিশনের তিনজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন। কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক জানান, আইসিইউতে মাত্র ছয়টি শয্যা আছে। সেখানে কোনো রোগী তাৎক্ষণিকভাবে শয্যা না পেলে চিকিৎসকদের কিছু করার নেই।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক রুহুল আমিন বলেন, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার বিষয়টা দুঃখজনক।

হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এটা বিছিন্ন ঘটনা। শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট করলেও চিকিৎসা কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।