অবহেলায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ‘আরিফ স্পিনিং’ নামের একটি কারখানায় গতকাল শুক্রবারকাজ করা অবস্থায় অসুস্থ হয়ে হুমায়ুন কবির (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার কর্তৃপক্ষের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল দুপুরে পেটের ব্যথা শুরু হলে হুমায়ুন বিষয়টি সহকর্মীদের মাধ্যমে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। কিন্তু কেউ তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি।
হুমায়ুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বলদী গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বারেক। তিনি ওই কারখানায় মালামাল বহনের (লোডার) কাজ করতেন।
হুমায়ুনের সহকর্মীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে কাজ করা অবস্থায় হুমায়ুন কবিরের পেটে ব্যথা শুরু হয়। বিষয়টি তিনি (হুমায়ুন) তাঁর সহকর্মীদের মাধ্যমে অনেককেই জানান। কিছুক্ষণ পর একই কারখানায় কাজ করা হুমায়ুনের চাচাতো ভাই শাজাহান একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হুমায়ুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক কবির উদ্দিন জানান, হুমায়ুনের আপন চাচাতো ভাই তাঁকে হাসপাতালে নিতে উদ্যোগ নেওয়ায় কারখানার কেউ সঙ্গে যায়নি। পরে অবশ্য একজন কর্মকর্তা গিয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবার বা কারখানার কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।