অবহেলায় হতশ্রী রমনা

রমনা উদ্যানের বিভিন্ন স্থানে ছাউনি দিয়ে জায়গা দখল করে রেখেছে শরীরচর্চাকারীদের বিভিন্ন সংগঠন। ছুটির দিনে এসব সংগঠন উদ্যানের ভেতরেই ভোজ ও অনুষ্ঠানের আয়োজন করে। উচ্ছিষ্ট ফেলে রাখা হয় উদ্যানেই। এভাবে উদ্যানের পরিবেশ নোংরা হচ্ছে। কিন্তু এ নিয়ে এসব সংগঠন বা পার্ক কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।
লোকে যে উদ্যানটিতে আসে একটুখানি সবুজের ছোঁয়া পেতে, যথাযথ তদারকির অভাবে সেই উদ্যানটির এমন হতশ্রী অবস্থা নগরবাসীর মনে বিরক্তির উদ্রেক করছে।
সম্প্রতি রমনা উদ্যানে গিয়ে দেখা যায়, ‘মহিলা অঙ্গন’ নামের একটি সংগঠন উদ্যানের অরুণোদয় গেট-লাগোয়া বিশাল একটি অংশে রীতিমতো সীমানা তৈরি করে ইট দিয়ে ঢালাই করেছে। তার পাশেই ‘কিছুক্ষণ’ নামে একটি পাকা ঘর বানানো হয়েছে। এর ভেতরে সদস্যদের ব্যবহারের জন্য ব্যায়ামের বিভিন্ন সরঞ্জামও রাখা আছে।
এ সংগঠনগুলো সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্র ও শনিবার উদ্যানের ভেতরে মাইক বাজিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকের থালা, পানির বোতলসহ অন্যান্য আবর্জনা পড়ে থাকে উদ্যানের ভেতরে।
উদ্যানের ভেতরে লেকের দুই পাড়সহ বিভিন্ন স্থানে অনেক ময়লা-আবর্জনা দেখা যায়। পানিতে বেজায় দুর্গন্ধ। ময়লার স্তূপ জমে লেকের দুই ধার ক্ষীণ হয়ে আসছে। কিন্তু পানি পরিষ্কার করা বা লেক সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। উদ্যানের এখানে সেখানে ভবঘুরে ও মাদকসেবীদের অবাধ আনাগোনা।
রমনা উদ্যান রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগের তিনটি শাখা। অনুসন্ধানে দেখা গেছে, এই তিন বিভাগের কাজে সমন্বয় কম।
উদ্যানের নিরাপত্তায় পর্যাপ্ত রক্ষী নেই। কাগজে-কলমে রয়েছেন ৩০ জন আনসার। রমনা উদ্যানভিত্তিক জনবলও অপ্রতুল। প্রায় ৬২ একর জমির রমনা উদ্যানের জন্য রয়েছেন মাত্র চারজন মালী, ১০ জন ঝাড়ুদার ও ঘাস পরিষ্কার করার জন্য দুজন মেশিন অপারেটর।
সীমানা দখলের বিষয়ে জানতে চাইলে মহিলা অঙ্গনের সাধারণ সম্পাদক জানু মৃধা জানান, রমনা উদ্যানে তাঁদের সংগঠনের নাম ভাঙিয়ে অন্য একটি সংগঠন ঘর তুলেছে। এর সঙ্গে মহিলা অঙ্গনের কোনো সম্পৃক্ততা নেই। ওই ঘরের জন্য তাঁদের শরীরচর্চা করতে সমস্যা হচ্ছে। তিনিও এর প্রতিকার চান।
উদ্যানের ভেতরে বিভিন্ন সংগঠনের স্থাপনা তৈরি ও অনুষ্ঠানের কোনো নিয়ম নেই বলে জানান রমনা উদ্যানের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় কর্মকর্তা আনোয়ারুল হক। তিনি বলেন, অনেকে জোর করে এসব করেন। উদ্যানের ময়লা-আবর্জনা, লেকের অপরিচ্ছন্নতা ও অপ্রতুল নিরাপত্তার কথা স্বীকার করেন তিনি। তিনি জানান, উদ্যানের ভেতর অনেক ডাস্টবিন দেওয়া আছে। কিন্তু লোকে সেখানে ময়লা না ফেলে খোলা জায়গায় ফেলে।
উদ্যানের অব্যবস্থাপনা রোধে গত বছরের ৩১ অক্টোবর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদকে উপদেষ্টা করে মন্ত্রণালয় একটি কমিটি করে। আবদুল্লাহ আবু সায়ীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য রমনায় যাই। কিন্তু অযত্ন-অবহেলায় এই উদ্যানের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে।’ সরকারকে উদ্যানের রক্ষণাবেক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।