অবহেলায় হাত হারাল শিশু
ফরিদপুরের মুসলিম মিশন এতিমখানা কর্তৃপক্ষের এক স্বাস্থ্য সহকারীর ভুল চিকিৎসা ও অবহেলায় সুমন কাজী (১২) নামের এক শিশুর ডান হাত কনুই থেকে কেটে ফেলতে হয়েছে৷
সুমনের পরিবারের সদস্যরা জানান, সুমনের বাবা সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দড়জা গ্রামের রহমান কাজী পাঁচ বছর আগে মারা যান৷ তাঁর মৃত্যুর পর চার মেয়ে ও দুই ছেলে নিয়ে বিপাকে পড়েন ছোবরননেছা৷ তিনি ছোট ছেলে সুমনকে ফরিদপুর শহরতলির মুসলিম মিশন এতিমখানায় ভর্তি করে দেন৷
পরিবারের সদস্য ও এতিমখানা সূত্র জানায়, ১২ জুন দুপুরে অজু করতে গিয়ে পিছলে পড়ে সুমনের ডান হাত ভেঙে যায়৷ মিশনের স্বাস্থ্য সহকারী সুকুমার প্রামাণিক সুমনের চিকিৎসা করেন৷ তিনি শুধু চিকিৎসকের সহকারীর কাজের ব্যাপারে সামান্য প্রশিক্ষণ নেন৷ সুকুমার এক্স-রে বা কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে সুমনের ভাঙা হাতের অংশ শক্ত করে বেঁধে প্লাস্টার করে দেন৷ কিন্তু সুমনের ব্যথা আরও বাড়তে থাকে৷ পরদিন সকালে সুমন আবার সুকুমারের কাছে যায়৷
সুমন বলে, ‘ওই দিন সুকুমার আমাকে কোনো চিকিৎসা না দিয়ে রাগারাগি করে কক্ষ থেকে বের করে দেয়৷ এ জন্য পরে ভয়ে আমি আর কাউকে কিছু বলিনি৷’
ঘটনার তিন দিন পর ১৫ জুন সুমন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হয়৷ চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখানে দুই দিন চিকিৎসার পরও সুমনের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা ১৭ জুন মঙ্গলবার অস্ত্রোপচার করে সুমনের ডান হাত কনুই থেকে কেটে ফেলেন৷
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঘটনার তিন-চার দিন পর সুমনকে যখন হাসপাতালে আনা হয়, তখন ওর হাতের ভাঙা অংশে গ্যাংগ্রিন হয়ে যায়৷ ফলে হাত কেটে ফেলা ছাড়া উপায় ছিল না৷ নয়তো কিডনি বিকল হয়ে শিশুটির মৃত্যুও ঘটতে পারত৷’
সুমনের বোন সাবিনা বেগম অভিযোগ করে বলেন, ‘হাত ভাঙা একটি সামান্য বিষয়৷ ঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করা হলে কিছুতেই আমার ভাইয়ের হাত কাটতে হতো না৷ মিশনের লোকজনের অবহেলার কারণে আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল৷ আমরা এর বিচার চাই৷’
স্বাস্থ্য সহকারী সুকুমার বলেন, ‘সুমনের হাত ভেঙে গেলে আমি তুলা-ব্যান্ডেজ দিয়ে হাতটি ঝুলিয়ে রাখার ব্যবস্থা করি, যাতে সে ব্যথা না পায়৷ এ ছাড়া সুমনকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে মিশনের অভ্যন্তরীণ তত্ত্বাবধায়ক ওমর ফারুককে পরামর্শ দিই৷’ তবে সুকুমার কোনো পরামর্শ দেননি বলে দাবি করেছেন ওমর ফারুক৷
ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ বলেন, ‘সুকুমার ভুল করেছেন৷ তাঁর উচিত ছিল শিশুটিকে হাসপাতালে পাঠানো৷ তা না করে তিনি শিশুটির ভাঙা হাত টান দিয়ে বেঁধে দিয়েছেন৷’